ad
ad

Breaking News

Anandapur Fire Case

আনন্দপুর অগ্নিকাণ্ডে বড় মোড়! পুলিশের জালে নামী মোমো সংস্থার ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার

দুজনকে শুক্রবারই বারুইপুর মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে পুলিশ।

Anandapur Fire Case Wow Momo Warehouse Manager Arrested

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের পরিধি আরও বাড়াল পুলিশ। বৃহস্পতিবার রাতে নরেন্দ্রপুর এলাকা থেকে জনপ্রিয় খাদ্য বিপণি সংস্থা ওয়াও মোমোর গুদাম ম্যানেজার মনোরঞ্জন শিট এবং ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, অগ্নিকাণ্ডের সময় তাঁদের ভূমিকা ঠিক কী ছিল এবং সুরক্ষাবিধিতে কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতেই এই পদক্ষেপ। ধৃত দুজনকে শুক্রবারই বারুইপুর মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে পুলিশ।

গত ২৫ জানুয়ারি মধ্যরাতের সেই বিধ্বংসী আগুনে ছাই হয়ে গিয়েছিল দুটি গুদাম। ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন, যদিও সংবাদসংস্থা পিটিআই ২১টি দেহাংশ উদ্ধারের কথা জানিয়েছে। মৃতদের শনাক্ত করতে ইতিমধ্যেই ডিএনএ ম্যাপিংয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশের রেকর্ড অনুযায়ী এখনও ২৮ জন নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় এর আগে দ্বিতীয় গুদামটির মালিক গঙ্গাধর দাসকে গ্রেফতার করা হয়েছিল। প্রাথমিক তদন্তে অনুমান, তাঁর গুদাম থেকেই আগুনের সূত্রপাত ঘটে যা পরে পাশের ওয়াও মোমোর গুদামে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর ওয়াও মোমো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল যে, তাদের দুজন কর্মী ও একজন নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং আজীবন মাসিক বেতন দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে সংস্থাটি। তবে গুদামের অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত ছিল কি না, তা নিয়ে প্রশ্ন ওঠায় তদন্তকারীরা সক্রিয় হন। সংস্থাটি অবশ্য দাবি করেছে, পাশের গুদামে নিয়ম বহির্ভূতভাবে রান্না করার জেরেই এই বিপর্যয়। তাঁরা তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।