ad
ad

Breaking News

Amit Shah

“কলকাতা আজ বস্তির শহর!”, তিলোত্তমাকে চরম অপমান অমিত শাহের

উত্তর দমদমের নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Amit Shah Slams Mamata Govt, Calls Kolkata a 'City of Slums'

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: উত্তর দমদমের নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর অভিযোগ, বাম ও তৃণমূল, এই দুই জমানার অবহেলায় তিলোত্তমা কলকাতা আজ ‘বস্তির শহরে’ পরিণত হয়েছে। শাহের দাবি, মুখ্যমন্ত্রী নিজের ‘ভোটব্যাঙ্ক’ রক্ষা করতে অনুপ্রবেশকারীদের বস্তিগুলোতে আশ্রয় দিচ্ছেন, কিন্তু শহরকে বস্তিমুক্ত করার কোনও সদিচ্ছা তাঁর নেই।

এদিন উত্তর দমদমের সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, “২৯ এপ্রিল ভোটের দিন তৃণমূলের গুন্ডারা যদি রাস্তায় বেরোয়, তবে কিন্তু সমস্যায় পড়বেন। কমিশন ও কেন্দ্রীয় বাহিনী প্রস্তুত রয়েছে।” স্থানীয় পুরসভার বেহাল দশা নিয়ে সরব হয়ে তিনি বলেন, এখানকার পুরসভা কার্যত দেউলিয়া। মোতিঝিলের মতো ঐতিহাসিক ঝিল আজ দূষিত ও পরিত্যক্ত। শাহের প্রতিশ্রুতি, “৫ মের পর বিজেপি ক্ষমতায় এলে দমদমের পুরনো গৌরব ফিরিয়ে আনা হবে। এখানে শিল্প আসবে, কাটমানি রাজ বন্ধ হবে।”

রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধেছেন শাহ। তাঁর দাবি, কাটমানি এবং সিন্ডিকেটরাজের দাপটে ৬ হাজারেরও বেশি শিল্পপ্রতিষ্ঠান পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গিয়েছে। পাশাপাশি তিনি রাহুল গান্ধীকে ‘রাহুল বাবা’ বলে সম্বোধন করে দাবি করেন, অসম বা দক্ষিণ ভারতে কংগ্রেসের কোনও অস্তিত্ব থাকবে না এবং বাংলাতেও তারা খাতা খুলতে পারবে না। ৩৭০ ধারা রদ এবং মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করার জন্য কংগ্রেস ও তৃণমূলকে একযোগে বিঁধেছেন তিনি।

এদিন অমিত শাহ পুনরায় অভিযোগ করেন যে, মমতার একমাত্র লক্ষ্য হল ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুর্সিতে বসানো। তবে বিজেপি ক্ষমতায় এলে চিত্রটা অন্য হবে। শাহর ঘোষণা, “বিজেপি জিতলে বাংলায় জন্মানো, বাংলা ভাষায় কথা বলা এবং বাংলা মাধ্যমে পড়াশোনা করা ভূমিপুত্রই হবেন এই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী।” কলকাতার উন্নয়নের জন্য বিজেপির কাছে একটি বিশেষ ‘রোডম্যাপ’ রয়েছে বলেও এদিন দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।