ad
ad

Breaking News

Amit Chakraborty

প্রোমোটারকে মারধর ও তোলাবাজির জেরে এবার গ্রেফতার দেবরাজ চক্রবর্তীর ছায়াসঙ্গী

উল্লেখ্য, রাজারহাট-গোপালপুর ও বাগুইআটি এলাকায় সিন্ডিকেট এবং প্রোমোটার রাজের বিরুদ্ধে নতুন সরকার আসার পর থেকেই পুলিশি তৎপরতা তুঙ্গে।

amit-chakraborty-arrested-baguiati-police

চিত্র : প্রতীকী

Bangla Jago Desk: তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ তথা ছায়াসঙ্গী হিসেবে পরিচিত অমিত চক্রবর্তী এবার পুলিশের জালে ধরা পড়লেন। দীর্ঘদিন ধরেই এক প্রোমোটারকে নৃশংসভাবে মারধর, হুমকি ও তোলাবাজির একটি পুরোনো মামলায় অভিযুক্ত অমিতের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে মঙ্গলবার রাতে বিধাননগর পুলিশের বাগুইআটি থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করতে সক্ষম হন তদন্তকারীরা। বুধবার ধৃত অমিত চক্রবর্তীকে বারাসাত আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, এই সিন্ডিকেট ও প্রোমোটার নিগ্রহ চক্রের গভীরে পৌঁছাতে এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হবে আদালতে। 

উল্লেখ্য, রাজারহাট-গোপালপুর ও বাগুইআটি এলাকায় সিন্ডিকেট এবং প্রোমোটার রাজের বিরুদ্ধে নতুন সরকার আসার পর থেকেই পুলিশি তৎপরতা তুঙ্গে। এই একাধিক অপরাধমূলক কাজের অভিযোগে দিন কয়েক আগেই গ্রেপ্তার করা হয়েছিল বাগুইআটির হেভিওয়েট তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টুকে। মূলত, বছর দুই আগে এই সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধেই এক স্থানীয় প্রোমোটারকে বেধড়ক মারধর ও টাকা চাওয়ার গুরুতর অভিযোগ ওঠে এবং বাগুইআটি থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই সময় দীর্ঘদিন ফেরার থাকার পর আইনি চাপ বাড়লে চিন্টু থানায় আত্মসমর্পণ করেন এবং পরবর্তীতে আদালত থেকে আগাম জামিন পেয়ে যান। তবে জামিন পেলেও এলাকায় তাঁর ও তাঁর দলবলের দৌরাত্ম্য বিন্দুমাত্র কমেনি বলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ক্ষোভ ছিল।

আক্রান্ত প্রোমোটারের অভিযোগ ছিল, জামিনে মুক্ত হওয়ার পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁর দায়ের করা এফআইআর (FIR) ও সমস্ত অভিযোগ মিথ্যা প্রমাণ করার মরিয়া চেষ্টা চালিয়েছিলেন ওই তৃণমূল কাউন্সিলর। এই বিষয়টি খোদ অভিযোগকারী প্রোমোটার আদালতের নজরেও আনেন। এরপরই গত শুক্রবার পুলিশ অত্যন্ত সক্রিয় হয়ে সরাসরি বাড়ি থেকে তুলে এনে গ্রেপ্তার করে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টুকে। আর সেই একই প্রোমোটার নিগ্রহ ও তোলাবাজির মামলার এফআইআর-এ নাম জড়িয়েছিল দেবরাজ চক্রবর্তীর ছায়াসঙ্গী অমিত চক্রবর্তীরও। কাউন্সিলর গ্রেপ্তার হওয়ার পর থেকেই অমিতের ওপর কড়া নজর রাখছিলেন তদন্তকারীরা। মঙ্গলবার রাতে তাঁকে হাতেনাতে পাকড়াও করার পর মনে করা হচ্ছে, বাগুইআটি ও রাজারহাট চত্বরে প্রোমোটারদের থেকে তোলা আদায়ের এই প্রভাবশালী সিন্ডিকেট চক্রের বহু অজানা তথ্য এবার পুলিশের সামনে আসতে চলেছে।