চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: পশ্চিমবঙ্গের নির্বাচনী সাফল্যের পুরস্কার হিসেবে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্ত। ১৯৯০ আইএএস ব্যাচের এই বাঙালি অফিসার এবারের রক্তপাতহীন ও শান্তিপূর্ণ নির্বাচনের অন্যতম কারিগর বলে বিবেচিত। গত ২৮ নভেম্বর রাজ্যে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে তাঁকে নিযুক্ত করেছিল নির্বাচন কমিশন। এসআইআর পর্বে স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরীর দায়িত্বে বিশেষ পর্যবেক্ষক এর ভূমিকা পালন করেছিলেন সুব্রত বাবু।
এসআইআর পর্ব শেষে তাঁকে বিশেষ সাধারণ পর্যবেক্ষক পদে নিযুক্ত করে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার জন্য উপযুক্ত পরিকল্পনার দায়িত্ব দেয় কমিশন। এক্ষেত্রেও যথেষ্ট যোগ্যতা ও নিপুণতার সঙ্গে নিজে দায়িত্ব পালন করেছেন সুব্রত বাবু। নির্বাচন কমিশনের এই সাফল্য রাজ্যজুড়ে প্রশংসিত হয়েছে যার অন্যতম কারিগর ছিলেন দুই বন্ধু সিইও মনোজ কুমার আগরওয়াল এবং সুব্রত গুপ্ত। আগামী ৩১ জুলাই কর্মজীবন শেষ করতে চলেছেন। মনোজ বাবু। ইতিমধ্যেই নির্বাচন কমিশন নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্তকে।
শনিবার রাজ্যে যে নতুন বিজেপি সরকারের পথ চলা শুরু হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়া অন্য কারো মন্ত্রী হিসেবে কাজ করার অভিজ্ঞতা নেই। নিশীথ প্রামাণিক কিছুদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে কাজ চালালেও তিনি যে বিরাজ অভিজ্ঞতার অধিকারী তা বলা যায় না। ফলে রাজ্যের নতুন সরকারকে পথ দেখানোর জন্য একজন অভিজ্ঞ ও যোগ্য অফিসারের প্রয়োজন হিসেবে দীর্ঘদিন এই রাজ্যে সাফল্যের সঙ্গে কাজ করা সুব্রত গুপ্তকে বেছে নিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি। আগামী সোমবার থেকেই নিজের দায়িত্ব পালন করবেন সুব্রত বাবু বলে জানা গেছে। ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনার অতিরিক্ত জেলাশাসক পদে কর্মরত আইএএস সুমন বালা নতুন মুখ্যমন্ত্রীর পার্সোনাল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন।