চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: কলকাতার বাইপাস সংলগ্ন পাটুলি এলাকাটি এতদিন শান্ত ও নিরাপদ বলেই পরিচিত ছিল। কিন্তু সেখানেই মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দু-দু’বার শ্লীলতাহানি ও শারীরিক আক্রমণের শিকার হতে হল ছোটপর্দার পরিচিত অভিনেত্রী রূপা ভট্টাচার্যকে। নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে পাটুলির মহিলাদের সতর্ক করতে ফেসবুকে একটি দীর্ঘ ও বিস্ফোরক পোস্ট করেছেন তিনি। রূপার দাবি, গত এক মাসে রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই পাটুলির চেনা পরিবেশ বদলে গিয়েছে। এলাকায় ‘বহিরাগত’ ছেলেদের অস্বস্তিকর জটলা বাড়ছে এবং নারীদের নিরাপত্তা চরম সংকটে। নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিজের পোস্টে সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পলকেও ট্যাগ করেছেন।
টেলি-অভিনেত্রীর পোস্ট অনুযায়ী, প্রথম ঘটনাটি ঘটে গত ২৪ জুন, বুধবার সন্ধে ৭টা নাগাদ। পাটুলি আর-ব্লকের রাস্তা দিয়ে যখন তিনি বাইপাস ব্রিজের তলা হয়ে হনুমান মন্দিরের দিকে হাঁটছিলেন, তখন বেনুবন ছায়ার কাছে এক ২০ বছর বয়সী সাইকেল আরোহী যুবক তাঁর পিছু নেয়। কিছু দূর গিয়ে ছেলেটি আচমকা ইউ-টার্ন নিয়ে এসে রূপাকে লক্ষ্য করে শারীরিকভাবে হেনস্থা করার জন্য ধেয়ে আসে। ঘটনার আকস্মিকতায় নিজেকে বাঁচাতে গিয়ে ছেলেটিকে ধাক্কা মারেন রূপা, যাতে তাঁর ডান হাত কেটে রক্তপাত শুরু হয়। এর পরই অভিযুক্ত যুবক সাইকেল নিয়ে চম্পট দেয়।
রূপা ভট্টাচার্য জানান, বুধবার রাতেই তিনি পাটুলি থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যান। সেখানে গিয়ে তিনি স্তম্ভিত হয়ে দেখেন, ঠিক আগের দিন অর্থাৎ মঙ্গলবার একই রাস্তায় আরেক তরুণীও হুবহু একই কায়দায় সাইকেল আরোহীর দ্বারা হেনস্থার শিকার হয়েছেন। এ থেকে স্পষ্ট যে, পাটুলি ও ঢালাই ব্রিজ সংলগ্ন বাইপাসের রাস্তায় কোনও সাইকো বা ‘সিরিয়াল অফেন্ডার’ সক্রিয় রয়েছে। পুলিশ অবশ্য অত্যন্ত তৎপরতার সাথে অভিনেত্রীকে নিয়ে রাতেই ঘটনাস্থলে তদন্তে যায়।
প্রথম ঘটনার রেশ কাটার আগেই ২৬ জুন, শুক্রবার সন্ধে পৌনে সাতটা নাগাদ পাটুলি টি-ব্লকের খেলার মাঠের পাশে দ্বিতীয়বার হেনস্থার মুখে পড়েন রূপা। এবার উল্টোদিক থেকে আসা এক ফুড ডেলিভারি বয় বাইক নিয়ে এসে ইচ্ছে করে অভিনেত্রীর গা ঘেঁষে যাওয়ার চেষ্টা করে এবং আপত্তিকর অঙ্গভঙ্গি করে। রূপা চমকে উঠে প্রতিবাদ করতেই ওই ডেলিভারি বয় বাইক থামিয়ে হিন্দিতে রূপাকে নোংরা গালিগালাজ ও হুমকি দিতে শুরু করে।
রূপার ক্ষোভ, “কাজের সূত্রে অন্য রাজ্য বা জায়গা থেকে আসা এক ডেলিভারি বয়ের কলকাতার বুকে এত সাহস বেড়ে গেল কী করে?” চার বছর ধরে পাটুলিতে নিশ্চিন্তে রাতেও হাঁটাচলা করা রূপা ভট্টাচার্যের এই পোস্ট ঘিরে এখন তোলপাড় নেটপাড়া। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুই অভিযুক্তকেই চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পাটুলি থানার পুলিশ।