ad
ad

Breaking News

Abhishek Banerjee

Abhishek Banerjee: ‘নিরাপত্তা গাফিলতি কেন?’ দিল্লির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে SIT গঠন ও কোর্টের নজরদারিতে তদন্তের দাবি অভিষেকের

সত্যি সামনে আনতে, আততায়ীদের শাস্তি নিশ্চিত করতে এবং নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করতে প্রয়োজনে আদালতের নজরদারিতে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) গঠনের দাবিও তুলেছেন তিনি

Abhishek Banerjee Seeks SIT Probe Delhi Red Fort Car Bomb

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: দেশের রাজধানী দিল্লিতে লালকেল্লার মতো অতি সুরক্ষিত (হাই সিকিউরিটি) এলাকায় গাড়ি বোমার ভয়াবহ বিস্ফোরণে ভয়ঙ্কর ঘটনা ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন বলে খবর। যদিও তদন্তকারীরা এখনও নিশ্চিতভাবে এটিকে সন্ত্রাসবাদী হামলা বলেননি, তবে প্রাথমিক তথ্যপ্রমাণ সেই দিকেই ইঙ্গিত করছে। এই মর্মান্তিক ঘটনার পরেই এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করে তিনি দাবি করেছেন, এই ঘটনার তদন্ত যেন নিরপেক্ষ ভাবে এবং নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়। সত্যি সামনে আনতে, আততায়ীদের শাস্তি নিশ্চিত করতে এবং নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করতে প্রয়োজনে আদালতের নজরদারিতে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) গঠনের দাবিও তুলেছেন তিনি (Abhishek Banerjee)।

অভিষেক তাঁর পোস্টে লিখেছেন, “দিল্লির রেড ফোর্টের কাছে ঘটে যাওয়া বিস্ফোরণের খবরে আমি গভীরভাবে শোকাহত। অনেকেই প্রাণ হারিয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আমার গভীর সমবেদনা এবং আহতদের আরোগ্য কামনা করছি। আমাদের দেশের রাজধানীর প্রাণকেন্দ্রে এমন ঘটনা ঘটে যাওয়া অত্যন্ত দুঃখজনক।” তিনি আরও প্রশ্ন তোলেন, দিল্লি পুলিশ সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে কাজ করে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখার প্রাথমিক দায়িত্ব তাদেরই। তাহলে কীভাবে নিরাপত্তার এমন গুরুতর গাফিলতি ঘটল? একদিন আগেই হরিয়ানার ফরিদাবাদ থেকে প্রায় ৩৫০ কেজি বিস্ফোরক এবং একটি অ্যাসল্ট রাইফেল উদ্ধার হয়েছিল। এই ঘটনাগুলো একসাথে দেখলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সতর্কতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে বলে মন্তব্য করেন অভিষেক (Abhishek Banerjee)।

সূত্রের খবর অনুযায়ী, বিস্ফোরক বোঝাই গাড়িটিতে সাউথ কাশ্মীরের পুলওয়ামার এক চিকিৎসক, উমর নবির উপস্থিতি ছিল। ঘটনার খবর পেয়েই সোমবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনাস্থলে পৌঁছান এবং জানান, সব দিক নজরে রেখেই তদন্ত চলছে। বর্তমানে এই ঘটনার তদন্তে যুক্ত রয়েছে দিল্লি পুলিশ, ফরেনসিক সায়েন্স ল্যাবরটরি (FSL), ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG)-এর মতো একাধিক কেন্দ্রীয় সংস্থা। পরিস্থিতি পর্যালোচনা করতে আজ, মঙ্গলবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি জরুরি বৈঠক ডেকেছেন। এই বৈঠকে ইন্টেলিজেন্স ব্যুরো (IB), এনআইএ (NIA) এবং দিল্লি পুলিশের প্রধানরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে (Abhishek Banerjee)।