চিত্রঃ সংগৃহীত
AK Bangla Desk: চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন জানিয়েছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কলকাতা হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেওয়ায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তিনি। হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতে পাল্টা আর্জি জানানো হয়েছে এবং আগামী সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
এর আগে হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ অভিষেককে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি। আদালত নির্দেশ দিয়েছিল, চিকিৎসার প্রয়োজনীয়তা খতিয়ে দেখতে অভিষেককে এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগে যেতে হবে এবং সেখানকার চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ড বিষয়টির সত্যতা যাচাই করবে। কিন্তু অভিষেকের আইনজীবীরা এসএসকেএম-এ যেতে অস্বীকৃতি জানালে বিচারপতি পুরো মামলাটিই খারিজ করে দেন। এর আগে সুপ্রিম কোর্ট সাত দিনের মধ্যে এই বিষয়টির নিষ্পত্তির নির্দেশ দিয়ে বিষয়টি হাই কোর্টে পাঠিয়েছিল।
হাই কোর্টে শুনানির সময় রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার যুক্তি দেন, অভিষেকের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন থাকায় তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দিলে তদন্তের কাজ ব্যাহত হতে পারে। অন্যদিকে, অভিষেকের আইনি দল জানায় যে আমেরিকার হাসপাতালেই তাঁর পূর্বের চিকিৎসা চলেছে। তবে কলকাতার হাসপাতালে বিকল্প পরামর্শ বা পরীক্ষা না করানোর অবস্থানের পরেই হাই কোর্ট আর্জিটি বাতিল করে। যার পর অবশেষে পুনরায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ।