চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষের কাছে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ২০২৫ সালের জানুয়ারি মাসে শুরু হয়েছিল ‘সেবাশ্রয়’ প্রকল্প। উদ্যোগ নিয়েছিলেন স্থানীয় সাংসদ ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নিজের জন্মদিনে তিনি ঘোষণা করলেন ‘সেবাশ্রয়’-এর দ্বিতীয় পর্বের সূচি (Abhishek Banerjee)।
Sebaashray was conceived with the vision of upholding the fundamental right to accessible and quality healthcare for all. Guided by the spirit of compassion and the duty of service to humanity, I had launched Sebaashray last year to extend free medical care not only to the people… pic.twitter.com/bymkPpZH2I
— Abhishek Banerjee (@abhishekaitc) November 7, 2025
১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘সেবাশ্রয় ২’। এই স্বাস্থ্য শিবির চলবে আগামী বছরের ২২ জানুয়ারি পর্যন্ত। এরপর ২৪ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সব বিধানসভায় আয়োজিত হবে মেগা স্বাস্থ্য শিবির (Abhishek Banerjee)।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে জানিয়েছেন, ‘‘মানবসেবার কর্তব্যকে শিরোধার্য করে, স্বাস্থ্যসেবার মৌলিক অধিকারকে নিশ্চিত করতে আমি ‘সেবাশ্রয়’-এর উদ্যোগ গ্রহণ করেছিলাম। ডায়মন্ড হারবার লোকসভার সকল নাগরিক-সহ বাংলার বিভিন্ন প্রান্তের মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য-পরিষেবা দিতে পেরে আমি অন্তরের অন্তস্তল থেকে খুশি হয়েছিলাম। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষের বিশ্বাস, আস্থা ও ভরসার নির্ভরযোগ্য সেবাস্থল হয়ে উঠেছিল ‘সেবাশ্রয়’। কথা দিয়েছিলাম, আবারও এই ‘সেবাশ্রয়’ ফিরবে।’’
তিনি আরও জানান, ‘‘ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সকল নাগরিকের সেবার্থে আবারও শুরু হচ্ছে ‘সেবাশ্রয় ২’। ১ ডিসেম্বর, ২০২৫ থেকে ‘সেবাশ্রয় ২’-এর স্বাস্থ্য শিবিরগুলি চলবে ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সমস্ত বিধানসভা জুড়ে চলবে মেগা ক্যাম্প। স্বাস্থ্য শিবিরগুলি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে। সাধারণ মানুষের সেবা এবং আর্ত-দুঃস্থ মানুষের আশ্রয় – এই আদর্শকে পাথেয় করেই দ্বিতীয়বারের ‘সেবাশ্রয়’ ফিরছে আপনাদের জন্য। সকলের সুস্বাস্থ্য, আমাদের অঙ্গীকার (Abhishek Banerjee)।’’