চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
AK Bangla 24×7 Digital: ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে বৃহস্পতিবার ভোররাতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠল। অভিযোগ, ভোর সাড়ে ৪টে নাগাদ কয়েকজন দুষ্কৃতী অফিসে ঢুকে তাণ্ডব চালায়। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের মারধর, মোবাইল ফোন কেড়ে নেওয়া, আসবাবপত্র ভাঙচুর এবং ইলেকট্রনিক সরঞ্জাম নষ্ট করার অভিযোগও উঠেছে। ঘটনায় ইতিমধ্যে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে তিনি ঘটনাটিকে ‘আইনের শাসনের উপর এক লজ্জাজনক এবং নগ্ন আক্রমণ’ বলে দাবি করেন। তাঁর অভিযোগ, অস্ত্রশস্ত্রে সজ্জিত বিজেপির দুষ্কৃতীরা দলীয় কার্যালয়ে ঢুকে কর্মীদের উপর হামলা চালিয়েছে। ঘটনার পর একাধিকবার পুলিশকে ফোন করেও সাড়া মেলেনি বলেও অভিযোগ করেন তিনি। দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন অভিষেক।
এদিকে, অভিযোগ অস্বীকার করে বিজেপি বিধায়ক সজল ঘোষের দাবি, ঘটনার সঙ্গে বিজেপির কেউ যুক্ত নন। তাঁর কথায়, প্রচারের আলোয় থাকার জন্যই গোটা ঘটনা সাজানো হয়েছে। ভোর সাড়ে চারটে নাগাদ তৃণমূলের কর্মীরা কেন অফিসে ছিলেন, সেই প্রশ্নও তুলেছেন তিনি। পালটা কালীঘাট তৃণমূলের দাবি, অভিষেক বুধবারই দিল্লি যাওয়ার পর তাঁর অনুপস্থিতির সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।