চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: রাজ্য সরকার যোগ্যশ্রী প্রকল্প চালু করেছে। এই প্রকল্পর অধীনে রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতর তপশিলি জাতি ও উপজাতি আর সাধারণ, ওবিসি ও সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী পড়ুয়াদের ২০২৭ সালের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা ও সর্বভারতীয় নিট পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেবে। পড়ুয়ারা মাসে ৩০০ টাকা স্টাইপেন্ড পাবে (Yogyasree Scheme)।
২ হাজার তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ভুক্ত পড়ুয়া-সহ মোট ৫ হাজার পড়ুয়াকে বিনামূল্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। মোট ৫০টি জেলাসদরে তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মেধাবী পড়ুয়া আর ৬০টি কেন্দ্রে সাধারণ, ওবিসি ও সংখ্যালঘু পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে। ১৮ জানুয়ারি থেকে কোচিং শুরু হতে পারে। সপ্তাহে ২ দিন, শনি ও রবিবার ক্লাস হবে। প্রতিদিন ৪ ঘণ্টার ক্লাস হবে। বিনামূল্যে বাংলা বা ইংরেজি ভাষায় স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে। মক টেস্ট নেওয়া হবে। প্রশিক্ষণ দেবেন বিশেষজ্ঞ শিক্ষকরা। বাছাই করা পড়ুয়াদের রেসিডেন্সিয়াল কোচিং দেওয়া হবে।
কীভাবে করবেন আবেদন?
১৩ জানুয়ারির মধ্যে অনলাইনে ও অফলাইনে আবেদন করা যাবে অফিশিয়াল ওয়েবসাইট www.wbbcdev.webstep.in মারফত। এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিন। পুরোপুরি পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত সরাসরি জমা দিতে পারেন সংশ্লিষ্ট জেলার যে কেন্দ্রে প্রশিক্ষণ নিতে চান সেখানে। নির্দিষ্ট ক্যাটাগরির কেন্দ্রেই আবেদন করতে হবে। অন্য জায়গায় করলে আবেদন বাতিল হয়ে যাবে (Yogyasree Scheme)।
কারা আবেদন করতে পারে?
একাদশ শ্রেণির বিজ্ঞান শাখায় পাঠরত মেধাবী পড়ুয়ারা আবেদন করতে পারে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় সাধারণ ও সংখ্যালঘু পড়ুয়াদের কমপক্ষে ৭০%, তপশিলি জাতি পড়ুয়াদের কমপক্ষে ৬০%, তপশিলি উপজাতি পড়ুয়াদের ৫০%, ওবিসি পড়ুয়াদের কমপক্ষে ৬৫% নম্বর পেতে হবে (Yogyasree Scheme)।