ad
ad

Breaking News

Strait of Hormuz

ফের হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের, সাইপ্রাসের জাহাজে হামলার পর রণক্ষেত্র পশ্চিম এশিয়া

ইরানের এই আগ্রাসী ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পালটা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী।

us-strikes-iran-hormuz-strait-closure-cargo-ship-attack

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাতের পারদ চড়ে গেল এক ধাক্কায়। হরমুজ় প্রণালীতে ফের একটি পণ্যবাহী জাহাজ আক্রান্ত হওয়ার পর ওই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথটি সম্পূর্ণ বন্ধ করার ঘোষণা দিয়েছে ইরান। রবিবার ভোরে (স্থানীয় সময়) জলপথটি বন্ধের পরেই সতর্কতামূলক গোলাবর্ষণ শুরু করে তেহরান। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর দাবি, সাইপ্রাসের পতাকাবাহী ওই জাহাজটি অননুমোদিত রুট ব্যবহার করছিল। এই হামলায় জাহাজটির ইঞ্জিনরুম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনও রকম পালটা প্রত্যাঘাতের চেষ্টা হলে তার ফল অত্যন্ত মারাত্মক হবে।

ইরানের এই আগ্রাসী ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পালটা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। পশ্চিম এশিয়ার দায়িত্বে থাকা মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশেই ইরানের একাধিক শহরকে নিশানা করে এই মিসাইল হানা চালানো হয়েছে। সূত্রের খবর, বাহরিনের মার্কিন ঘাঁটি থেকে এই হামলা চালানো হয় এবং ইরানের বুশহর প্রদেশের বেশ কয়েকটি এলাকায় মার্কিন ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার খবর মিলেছে। তবে এই হামলায় ইরানের ঠিক কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মার্কিন প্রশাসনের দাবি, আক্রান্ত সাইপ্রাসের জাহাজটির নাম ‘এম/ভি জিএফএস গ্যালাক্সি’ এবং ইরানের গোলার আঘাতে সেটির ইঞ্জিনরুম ধ্বংস হওয়া ছাড়াও এক নাবিক নিখোঁজ রয়েছেন। তারই জবাবে এই কড়া পদক্ষেপ ওয়াশিংটনের।

হরমুজ় প্রণালীতে আমেরিকার হস্তক্ষেপ পুরোপুরি বন্ধ না-হওয়া পর্যন্ত এই জলপথ অবরুদ্ধ থাকবে বলে হুঙ্কার দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। এমনকি রবিবারের মার্কিন হামলার পালটা জবাব দিতে পশ্চিম এশিয়ায় অবস্থিত আমেরিকার সমস্ত সামরিক ঘাঁটি ও ‘নতুন শত্রু ঘাঁটি’গুলিতে আক্রমণের হুমকিও দিয়ে রেখেছে তারা। অথচ পরিস্থিতি সামাল দিতে এবং হরমুজ় প্রণালী সচল রাখার প্রকাশ্য বিবৃতির দাবিতে শনিবারই ওমানে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। কিন্তু সেই আলোচনা থেকে কোনও সমাধানসূত্র মেলেনি। এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন যে সংঘর্ষবিরতি শেষ, তবে হোয়াইট হাউস আলোচনার পথ এখনও খোলা রেখেছে। তার মধ্যেই রবিবারের এই পালটাপালটি হামলায় গোটা বিশ্বের নজর এখন হরমুজ় প্রণালীর দিকে।