ad
ad

Breaking News

Ceasefire Deal

যুদ্ধ থামিয়ে আলোচনার পথ: হরমুজ প্রণালী খোলার শর্তে সংঘর্ষবিরতি ঘোষণা ট্রাম্পের

বড়সড় যুদ্ধের হাত থেকে সাময়িকভাবে রক্ষা পেল বিশ্ব

Trump Announces US-Iran Ceasefire Deal, Easing War Tensions

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: দীর্ঘ উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে শান্তির ইঙ্গিত পশ্চিম এশিয়ায়। আমেরিকা ও ইরানের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের আবহে নাটকীয় মোড় নিয়ে দুই সপ্তাহের জন্য সংঘর্ষবিরতি ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার বেঁধে দেওয়া ডেডলাইন শেষ হওয়ার ঠিক আগেই এই সিদ্ধান্ত আসায় বড়সড় যুদ্ধের হাত থেকে সাময়িকভাবে রক্ষা পেল বিশ্ব।

মার্কিন সেনার তরফ থেকে এক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, আপাতত সমস্ত ধরনের হামলা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এর আগে অত্যন্ত কড়া ভাষায় ইরানকে হুঁশিয়ারি দিলেও, শেষ পর্যন্ত আলোচনার পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে, ইরান তাদের পক্ষ থেকে ১০ দফার একটি প্রস্তাব পেশ করেছে, যা নিয়ে আলোচনা করতে রাজি হয়েছে ওয়াশিংটন।

তবে এই যুদ্ধবিরতির নেপথ্যে একটি প্রধান শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানকে সম্পূর্ণ নিরাপদভাবে জাহাজ চলাচলের জন্য ‘হরমুজ প্রণালী’ খুলে দিতে হবে। ইরান এই শর্তে রাজি হওয়ার পরেই সংঘর্ষবিরতি কার্যকর করার ঘোষণা করা হয়। এই ঘোষণার পরপরই ইরানের বিভিন্ন শহরের রাস্তায় সাধারণ মানুষকে উল্লাস করতে দেখা যায়। দীর্ঘদিনের যুদ্ধকালীন পরিস্থিতি কাটিয়ে জনজীবনে স্বস্তির ছবি ধরা পড়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই ট্রাম্প সতর্ক করেছিলেন যে ইরান এমন ধ্বংসলীলা দেখবে যা আগে কখনও দেখেনি। কিন্তু কূটনৈতিক তৎপরতায় সেই চরম পদক্ষেপ থেকে সরে এসে দুই পক্ষই এখন আলোচনার টেবিলে বসতে চলেছে। আগামী দুই সপ্তাহ এই শান্তি প্রক্রিয়া স্থায়ী হয় কি না, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্বের রাজনৈতিক মহল।