Bangla Jago Desk: ভেনেজুয়েলার পর এবার সিরিয়ায় বড়সড় সামরিক অভিযান চালাল যুক্তরাষ্ট্র। আকাশপথে হামলা চালিয়ে অন্তত ৩৫টি লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণ করা হয়েছে। মূলত ইসলামিক স্টেট (আইএস)-এর ঘাঁটিকেই নিশানা করা হয়েছে বলে জানা গেছে।
গত ডিসেম্বরে সিরিয়ায় আইএসের অতর্কিত হামলায় দুই মার্কিন সেনা জওয়ান ও এক মার্কিন নাগরিক নিহত হন। সেই ঘটনার পরই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, “ভয়ংকর প্রত্যাঘাত করা হবে।” অবশেষে সেই হুঁশিয়ারির বাস্তবায়ন ঘটিয়ে সিরিয়াজুড়ে আইএসের বিরুদ্ধে এই হামলা চালাল আমেরিকা।
Op Hawkeye Strike: US conducts strikes across Syria on ISIS targets
Read @ANI Story I https://t.co/2K7J1WK6P6#US #Syria #ISIS #OpHawkeyeStrike pic.twitter.com/DGpWY67oqC
— ANI Digital (@ani_digital) January 10, 2026
মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিমথি হকিন্স জানান, “সিরিয়াজুড়ে ইসলামিক স্টেটকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।” একইসঙ্গে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “আমাদের বার্তা স্পষ্ট ও দৃঢ়। যদি তোমরা আমাদের যোদ্ধাদের ক্ষতি করো, তবে আমরা তোমাদের খুঁজে বের করব এবং পৃথিবীর যে কোনও প্রান্তে গিয়ে তোমাদের হত্যা করব। ন্যায়বিচার এড়াতে যতই চেষ্টা করো না কেন, রেহাই পাবে না।”
তবে এই হামলায় কারও মৃত্যু হয়েছে কি না, সে বিষয়ে কোনও তথ্য দেননি তিনি। পেন্টাগনও অভিযানের বিস্তারিত প্রকাশ করতে রাজি হয়নি। অন্যদিকে, এই হামলা নিয়ে ইসলামিক স্টেটের পক্ষ থেকেও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
উল্লেখ্য, গত মাসে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানিয়েছিলেন, সিরিয়ায় মার্কিন সেনাদের একটি বৈঠকের সময় এক আইএস জঙ্গি অতর্কিতে হামলা চালায়। গুলিবর্ষণে ঘটনাস্থলেই দুই মার্কিন সেনা ও এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও তিন সেনা। পরে পাল্টা গুলিতে ওই জঙ্গির মৃত্যু হয়। এই ঘটনার পরই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প।
বর্তমানে সিরিয়ায় এখনও প্রায় এক হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে বলে জানা গেছে। গত ডিসেম্বরেও মধ্য সিরিয়ার প্রায় ৭০টি জায়গায় রকেট হামলা চালানো হয়েছিল, যেখানে আইএসের পরিকাঠামো ও অস্ত্র মজুত ছিল। সে সময় সোশাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, এই হামলা আইএসের ‘দুর্গ’ লক্ষ্য করেই করা হয়েছে এবং তিনি সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ আল-শারার প্রতি নিজের সমর্থনের কথাও জানিয়েছিলেন।



