চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। এই হামলার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে মার্কিন সেনা আটক করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য অনুযায়ী, মাদুরো দম্পতিকে দেশ থেকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
শুক্রবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে এই ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, মার্কিন সেনার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ভেনেজুয়েলার নেতৃত্বকে আটক করা সম্ভব হয়েছে। তবে এই দাবির বিষয়ে এখনও পর্যন্ত ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হামলার আগেই ভেনেজুয়েলা সরকার দেশে জরুরি অবস্থা জারি করে। শুক্রবার রাত থেকেই আতঙ্কের মধ্যে সাধারণ মানুষ ঘরবন্দি হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের মতে, রাতভর বিকট শব্দে একাধিক যুদ্ধবিমান ভেনেজুয়েলার আকাশে উড়তে দেখা যায়। কয়েক ঘণ্টার মধ্যেই দেশের আকাশসীমায় সব ধরনের বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।
প্রেসিডেন্ট মাদুরোকে আটক করার বিষয়ে ট্রাম্পের দাবিকে ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেছিলেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে মাদক পাচার করা হচ্ছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই তিনি বিমান হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন।
অন্যদিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অভিযোগ, তাঁর দেশের বিপুল খনিজ সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেই যুক্তরাষ্ট্র মিথ্যা অভিযোগ তুলে সামরিক হামলা চালাচ্ছে। সব মিলিয়ে এই ঘটনার জেরে লাতিন আমেরিকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং বিশ্ব রাজনীতির নজর এখন ভেনেজুয়েলার পরিস্থিতির দিকে।