Bangla jago Desk: উত্তর গাজায় এ সপ্তাহে ভয়াবহ হামলা চলেছে। এসব হামলায় শুধু গত ৪৮ ঘণ্টায় জাবালিয়া এলাকায় ৫০ জনের বেশি শিশুকে হত্যা করা হয়েছে। এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থার নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল ওই বিবৃতিতে ভয়াবহ এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন। জাবালিয়া এলাকায় ইউনিসেফের কর্মীরা পোলিও টিকাদান কর্মসূচি চালানোর সময় শনিবার হামলা চালানোর তথ্য পেয়েছেন বলেও জানান রাসেল। তিনি বলেন, সন্দেহজনক ইজরায়েলি কোয়াডকপ্টার জাবালিয়াতে হামলা চালিয়েছে।
ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল আরও বলেন, পোলিও টিকাদান কর্মসূচি চলাকালে শনিবার সকালের ওই হামলায় ইউনিসেফের কর্মীদের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌভাগ্যবশত কোনও কর্মী আহত হননি। এ ঘটনা তাঁকে গভীরভাবে আহত করেছে বলে জানান তিনি। রাসেল বলেন, জাবালিয়া, গাজায় বেসামরিক লোকদের উপর যে নির্বিচারে হামলা চলছে, তার উদাহরণ হল, পোলিও টিকাদানকেন্দ্র, ইউনিসেফের কর্মীদের উপর হামলার ঘটনা।
আল–জাজিরার খবর বলছে, পোলিও টিকাকেন্দ্রে চালানো ইজরায়েলের হামলায় চার শিশু-সহ ছয়জন আহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে। ওই হামলায় ছয়জন আহত হয়েছেন। এর মধ্যে চারটি শিশু রয়েছে।