ad
ad

Breaking News

Zohran Mamdani

উমর খালিদের পাশে নিউ ইয়র্কের মেয়র, জামিনের দাবিতে ভারত সরকারকে চিঠি আমেরিকার ৮ জনপ্রতিনিধির

জানা গেছে, নিউ ইয়র্কের সদ্য নির্বাচিত মেয়র জোহরান মামদানি তাদের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়ে উমরের জন্য নিজের লেখা চিঠি পাঠিয়েছেন।

umar-khalid-letter-support

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: পাঁচ বছর ধরে জেলবন্দি থাকা ভারতীয় ছাত্রনেতা উমর খালিদের পাশে এবার দাঁড়ালেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। সম্প্রতি তিনি নিজের হাতে লেখা একটি চিঠি পাঠিয়েছেন, যাতে উমরকে সমর্থন জানানো হয়েছে। এরপরই আমেরিকার ৮ জন জনপ্রতিনিধি ভারত সরকারকে চিঠি লিখে স্পষ্টভাবে দাবি করেছেন, উমর খালিদকে জামিন দেওয়া হোক এবং আন্তর্জাতিক আইন মেনে স্বচ্ছভাবে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 

গত মাসে উমরের বাবা সৈয়দ কাশিম রসুল ইলিয়াস ও মা সাবিনা খানাম আমেরিকায় যান। সেই সময়ে তারা একাধিক রাজনীতিকের সঙ্গে সাক্ষাৎ করেন। জানা গেছে, নিউ ইয়র্কের সদ্য নির্বাচিত মেয়র জোহরান মামদানি তাদের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়ে উমরের জন্য নিজের লেখা চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন, “আমরা সকলেই তোমার কথা খুব ভাবি।” এই চিঠি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন উমরের সঙ্গিনী।

মামদানির চিঠি প্রকাশ্যে আসার পরই মার্কিন সেনেট ও কংগ্রেসের মোট ৮ জন জনপ্রতিনিধি আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কোত্রাকে চিঠি লিখেছেন। মার্কিন জনপ্রতিনিধিদের বক্তব্য, “পাঁচ বছর ধরে উমর খালিদ জেলে বন্দি রয়েছেন। ভারতের উচিত যুক্তিসম্মত সময়ে বিচারপ্রক্রিয়া শেষ করা এবং দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তকে মুক্তি দেওয়া।” এছাড়া দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের উদ্যোগ নেওয়া উচিত বলেও উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের দিল্লি হিংসা মামলায় উমর খালিদ, শারজিল ইমামসহ অনেকে এখনও জেলবন্দি রয়েছেন। পাঁচ বছর কেটে গেলেও জামিন মেলেনি। তাদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা চলছে। জামিনের আবেদন বারবার খারিজ হয়েছে। সম্প্রতি বোনের বিয়ে উপলক্ষে শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন উমর। কিন্তু ২৯ ডিসেম্বর আবারও তাঁকে জেলে ফেরত পাঠাতে হয়েছে। এবার সেই ইস্যু নিয়ে আন্তর্জাতিকভাবে প্রতিক্রিয়া এসেছে।