চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: ভেনেজুয়েলা কেন্দ্র করে কি তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প—এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ৬৬টি আন্তর্জাতিক সংস্থা ও চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে সই করেছেন বলে জানা গিয়েছে। বুধবার সেই সংক্রান্ত এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেন তিনি। একই সঙ্গে দেশের যুদ্ধ দপ্তরের বার্ষিক বাজেট প্রায় ৫০ শতাংশ বাড়ানো হয়েছে, যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই খরচ কমানোর পথে হাঁটছেন ট্রাম্প—এমনটাই দাবি করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে সমাজকল্যাণমূলক কাজে মার্কিন অনুদান ইতিমধ্যেই বন্ধ বা কমানো হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার ৬৬টি আন্তর্জাতিক সংগঠন থেকে যুক্তরাষ্ট্র সরে দাঁড়াল। এর মধ্যে ৩১টি সংগঠন সরাসরি রাষ্ট্রসংঘের সঙ্গে যুক্ত। হোয়াইট হাউসের বক্তব্য, এই সংস্থাগুলি মার্কিন স্বার্থ পূরণে ব্যর্থ, তাই দ্রুততম সময়ে প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করতে সব দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
যেসব সংগঠন থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে এসেছে, তার মধ্যে রয়েছে ভারত ও ফ্রান্সের নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। পাশাপাশি পরিবেশ, জলবায়ু ও শক্তিসম্পদ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, এসব সংস্থায় দেওয়া আর্থিক অনুদান সঠিকভাবে ব্যবহৃত হয় না, অপচয় হয় মার্কিন করদাতাদের অর্থ। তাছাড়া, অনেক ক্ষেত্রেই ওই সংগঠনগুলির নীতিকে মার্কিন স্বার্থবিরোধী বলে মনে করছে প্রশাসন।
এর মধ্যেই যুদ্ধ দপ্তরের বাজেট ৫০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নতুন করে জল্পনা উসকে দিয়েছে। বিশ্লেষকদের একাংশের ধারণা, সেনাবাহিনীর বাড়তি ব্যয় মেটাতেই আন্তর্জাতিক সংস্থা থেকে সরে দাঁড়ানোর পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ভেনেজুয়েলায় হামলা, সে দেশের প্রেসিডেন্টকে বন্দি করা এবং রুশ জাহাজ দখলের মতো ঘটনার উল্লেখ করে রাশিয়ার তরফে পালটা হুঁশিয়ারির কথাও শোনা যাচ্ছে। এসব কিছুর পরিপ্রেক্ষিতেই প্রশ্ন উঠছে—বিশ্ব কি তবে আরেকটি বড় সংঘাতের দিকে এগোচ্ছে? তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা কি ক্রমেই ঘনিয়ে আসছে?