চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: রাশিয়া ও ইউক্রেনের দীর্ঘ তিন বছরের যুদ্ধ থামাতে ফের বড়সড় উদ্যোগ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেনেভায় ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পরই আবু ধাবিতে রুশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন মার্কিন কর্মকর্তারা। এই বৈঠকগুলির পরে পরিস্থিতিতে কিছুটা নরম সুর শোনা গিয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির বক্তব্যে। আমেরিকার দেওয়া নতুন খসড়া শান্তি–প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন তিনি। ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, ইউক্রেন যুদ্ধের অবসানে একটি চূড়ান্ত চুক্তি করতে তিনি আগ্রহী। সেই লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য তাঁর দূত স্টিভ উইটকফকে মস্কো পাঠাচ্ছেন (Trump Peace Proposal)।
আরও পড়ুনঃ Rakul Preet Singh: শুটিংয়ের সময়সীমা নিয়ে বিতর্ক তুঙ্গে, দীপিকাকে সমর্থন জানালেন রকুল প্রীত সিং
পাশাপাশি মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকল ইউক্রেনের নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। ট্রাম্প দাবি করেছেন, গত কয়েক সপ্তাহে তাঁর দলের মধ্যস্থতায় রুশ–ইউক্রেন সংঘাত থামাতে “অসাধারণ অগ্রগতি” হয়েছে। তাঁদের প্রস্তাবিত ২৮ দফার শান্তি পরিকল্পনা বেশ ভালোই ছিল বলে উল্লেখ করেন তিনি। তবে ইউক্রেন ও রাশিয়া—দু’পক্ষই কয়েকটি বিষয়ে আপত্তি জানানোয় নতুন করে সংশোধিত প্রস্তাব তৈরি করা হয়েছে। এই নতুন প্রস্তাবে দুই দেশই রাজি হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। পুতিন ও জ়েলেনস্কি সম্মতি দিলেই তিনি ব্যক্তিগতভাবে তাঁদের সঙ্গে ফের বৈঠকে বসবেন বলেও জানান ট্রাম্প (Trump Peace Proposal)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
ক্ষমতায় আসার পর থেকেই রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামাতে সক্রিয় ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন ট্রাম্প। অগস্টে আলাস্কায় পুতিনের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ বৈঠকের পর হোয়াইট হাউসে তিনি জ়েলেনস্কির সঙ্গেও আলোচনা করেন। কয়েক দফা উদ্যোগ সত্ত্বেও শেষ পর্যন্ত কোনও সমাধান বেরোয়নি। সম্প্রতি বুদাপেস্টে পুতিনের সঙ্গে আরও একটি বৈঠকের কথা থাকলেও, সময় নষ্ট করতে চান না বলে জানিয়েছেন ট্রাম্প।যুদ্ধ শুরু হওয়ার পর তিন বছরের বেশি সময় চলে গেলেও এখনও স্থায়ী শান্তির রফা হয়নি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। নতুন মার্কিন প্রস্তাব কি সমাধানের পথ খুলবে এখন চোখ সারা বিশ্বের (Trump Peace Proposal)।