ad
ad

Breaking News

H-1B

ডোনাল্ড ট্রাম্পের H-1B ভিসার ফি বৃদ্ধি নিয়ে আমেরিকায় উত্তেজনা

নতুন নিয়ম অনুযায়ী, এখন প্রত্যেক ভিসার জন্য আবেদনকারীকে ১ লক্ষ মার্কিন ডলার দিতে হবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮৮ লক্ষ টাকার সমান।

trump-h-1b-visa-fee-hike-faces-legal-challenge

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে পড়েছে দেশটি। H-1B ভিসার ফি একেবারে বাড়িয়ে ১ লক্ষ ডলার করার পর এই পদক্ষেপের বিরুদ্ধে এখন একযোগে মামলা করেছে আমেরিকার ২০টি প্রদেশ। স্টেট প্রেসিডেন্টরা দাবি করছেন, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত বেআইনি এবং এর ফলে সরকারি পরিষেবা ও পাবলিক সার্ভিসের উপর নেতিবাচক প্রভাব পড়বে।

মূলত ডেমোক্র্যাট প্রভাবশালী প্রদেশগুলোই এই বিরোধিতায় এগিয়েছে। এর মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়া। সেখানে অ্যাটর্নি জেনারেল রব রন্টা বলেন, “H-1B ভিসার প্রসেসিংয়ের জন্য যেটা খরচ হয়, এই নতুন ফি তার চেয়ে অনেক বেশি এবং কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।” প্রদেশগুলোর আরও দাবি, স্বাস্থ্য, শিক্ষা এবং প্রযুক্তি খাতে নতুন ফি বৃদ্ধির প্রভাব সবচেয়ে বেশি পড়বে।

H-1B ভিসা মূলত চিকিৎসক, নার্স, শিক্ষক, গবেষক, ইঞ্জিনিয়ারসহ দক্ষ বিদেশি কর্মীদের আমেরিকায় আনার জন্য ব্যবহৃত হয়। রব রন্টার মতে, “বিশ্বের সেরা প্রতিভারা আমেরিকায় আসার কারণে দেশটি অর্থনৈতিকভাবে এগিয়ে চলেছে। কিন্তু এই নতুন ফি-র কারণে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উপরে আর্থিক চাপ বাড়বে। ইতিমধ্যেই কর্মী সংকট চলছে এবং ফি বৃদ্ধির ফলে তা আরও প্রকট হবে।”

আগে H-1B ভিসার জন্য ৯৬০ থেকে সর্বোচ্চ ৭৫৯৫ ডলার খরচ হতো। নতুন নিয়ম অনুযায়ী, এখন প্রত্যেক ভিসার জন্য আবেদনকারীকে ১ লক্ষ মার্কিন ডলার দিতে হবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮৮ লক্ষ টাকার সমান। প্রদেশের স্টেট প্রেসিডেন্টরা বলেন, H-1B ভিসার মূল উদ্দেশ্য ছিল দক্ষ কর্মীদের সহজে আমেরিকায় আনা। ফি বৃদ্ধি হলে সেই উদ্দেশ্য ব্যাহত হবে। এছাড়াও, আইনসভা এখনও এই ফি বৃদ্ধির অনুমোদন দেয়নি।

হোয়াইট হাউসের পাল্টা দাবি, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমেরিকার শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য। তবে প্রদেশগুলোর অভিযোগ, ফি বৃদ্ধির ফলে দেশের শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে কার্যক্রম ও অর্থনৈতিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়বে।