ad
ad

Breaking News

Israel

সাংবাদিক হত্যার তালিকা উর্দ্ধমুখী, ফের ইজরায়েলি হামলায় নিহত ৫

ইতিমধ্যে, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্ট (IFJ) মোট ১০৪ জনের মৃত্যুর খবর দিয়েছে।

The list of journalist killings is on the rise, 5 were killed in Israeli attacks again

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: গাজায় সাংবাদিক হত্যার তালিকা বেড়েই চলেছে। সম্প্রতি ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’-এর তরফে যে রিপোর্ট তুলে ধরা হয়েছিল, সেখানে স্পষ্ট করা হয় গাজায় ১৬ জন সাংবাদিককে হত্যা করে ইজরায়েলি বাহিনী। তবে সেই সংখ্যাটা আরও বাড়লো। এবার একসঙ্গে পাঁচ সাংবাদিককে হত্যা করলো ইজরায়েলি সেনা। সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত আঞ্চলিক প্রশাসন জানায়, বৃহস্পতিবার দক্ষিণ গাজায় চলে ইজরায়েলি হামলা। সেখানেই মৃত্যু হয় ৫ সাংবাদিকের।

জানা যায়, শরণার্থী শিবিরের অদূরে আল-আওদা হাসপাতালে খবর সংগ্রহে বেরিয়েছিলেন সাংবাদিকরা। যে গাড়িতে করে তাঁরা যাচ্ছিলেন, সেখানে বড়ো হরফে লেখা ছিল ‘প্রেস’। তবে তাতেও রেহাই মেলেনি। ‘প্রেস’ লেখা গাড়িতেই হামলা চালায় ইজরায়েলি সেনা। প্রাণ হারান ৫ প্যালেস্টাইনি সাংবাদিক। একের পর এক সাংবাদিক হত্যায় আতঙ্ক আরও বেড়েই চলেছে।

২০২৩-এর অক্টোবর থেকে গাজায় সংঘর্ষ অব্যাহত। সাধারণ মানুষের পাশাপাশি রেহাই পাননি সাংবাদিকরা। কর্মরত অবস্থায় প্রাণ দিতে হয়েছে তাঁদের। আন্তর্জাতিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’ (RSF)-এর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ১ জানুয়ারি থেকে ১ ডিসেম্বর মোট ৫৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। যার এক তৃতীয়াংশ ইজরায়েলি বাহিনীর হাতে খুন হয়েছেন। ১৮ জন সাংবাদিক ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছে- গাজায় ১৬ এবং লেবাননে ২। সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক অঞ্চল হিসাবে ফিলিস্তিন চিহ্নিত হয়েছে। আরএসএফ হাইলাইট করেছে যে, গাজায় সাংবাদিক মৃত্যুর সংখ্যা গত পাঁচ বছরে বিশ্বব্যাপী সর্বোচ্চ।

RSF সাংবাদিকদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ আদালতেও অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যে, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্ট (IFJ) মোট ১০৪ জনের মৃত্যুর খবর দিয়েছে। যদিও অসঙ্গতির কারণে দুটি সংস্থার মধ্যে ভিন্ন পরিসংখ্যান দেখা দিয়েছে। প্রাণহানির পাশাপাশি, আরএসএফ-এর রিপোর্টে বন্দী সাংবাদিকের সংখ্যা বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে, বর্তমানে বিশ্বব্যাপী ৫৫০জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ২৫ জনই জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর হাতে আটক। যে তিন দেশ সবচেয়ে বেশি সাংবাদিককে জেলবন্দি করেছে সেগুলি হল— চীন, মায়ানমার এবং ইজরায়েল। চীনে আটক ১২৪ জন সাংবাদিক, মায়ানমারে ৬১, এবং ইসরায়েলে ৪১জন সাংবাদিক জেলবন্দি রয়েছেন।