ad
ad

Breaking News

ইরান যুদ্ধের মাঝেই ভারতের মাস্টারস্ট্রোক! জ্বালানিসংকট রুখতে রাশিয়া থেকে আসছে বিপুল তেল

ইউক্রেনে যুদ্ধের কারণে ট্রাম্প প্রশাসন রাশিয়ার তেলের বাজার বন্ধ করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু এবার ভারতকে ছাড় দেওয়ায় তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

russian-oil-india-30-day-discount

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে ৩০ দিনের বিশেষ ‘ছাড়’ দেওয়া হয়েছে ভারতকে। কয়েক দিন আগে এই সুযোগের কথা ঘোষণা করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সরকারি সূত্রের খবর, সেই সুযোগকে কাজে লাগিয়ে দিল্লি ইরান যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানিসংকট এড়াতে মস্কোর থেকে অতিরিক্ত ৩০ মিলিয়ন ব্যারেল তেল কিনেছে। এর ফলে রাশিয়ার কাছ থেকে ভারতের তেল আমদানি প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পাচ্ছে।

আমেরিকা ও ইজরায়েলের হামলার পর পালটা কৌশল হিসেবে হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজে হামলা চালাচ্ছে ইরান। এর প্রভাবে হরমুজ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে ভারতমুখী বহু তেল ও পণ্যবাহী জাহাজ আটকে পড়েছে। উল্লেখযোগ্য, ভারতের মোট অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের ৪০ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে আসে। এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে রাশিয়ার তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। মনে করা হচ্ছে, আন্তর্জাতিক জলসীমায় ভেসে থাকা রুশ জাহাজগুলো ভারতের জন্য অতিরিক্ত ৩০ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করবে।

রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে এই ৩০ দিনের ‘ছাড়’ সংক্রান্ত খবর প্রকাশ্যে আসার পর দিল্লি জানিয়েছে, তেল কেনার বিষয়ে তারা স্বাধীন সিদ্ধান্ত নিচ্ছে। অন্যদিকে, বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসন সমালোচনার মুখে পড়েছে। ইউক্রেনে যুদ্ধের কারণে ট্রাম্প প্রশাসন রাশিয়ার তেলের বাজার বন্ধ করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু এবার ভারতকে ছাড় দেওয়ায় তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। মার্কিন পক্ষ জানিয়েছে, এটি কোনও অনুমতি নয়, বরং রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে ভারতকে শুধুমাত্র ‘অনুরোধ’ করা হয়েছে।

এ ছাড়া, সরকারি সূত্র জানিয়েছে, ৪০টিরও বেশি দেশ থেকে ঘুরপথে জ্বালানি আনা হচ্ছে যাতে সরবরাহ মসৃণ থাকে। ভারতের প্রায় ৬০ শতাংশ তেল ঘুরপথে আসে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়লও আশ্বস্ত করেছেন যে, অন্যান্য দেশে জ্বালানি সংকট তৈরি হলেও ভারতে এমন কোনো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি।