Bangla Jago Desk: আমেরিকার টেক্সাসে ঘটল এক ভয়াবহ বিমান দুর্ঘটনা। স্থানীয় সময় রবিবার দুপুর নাগাদ ট্যারান্ট কাউন্টির হিক্স এয়ারফিল্ডের কাছে একটি ছোট বিমান উড়ানের কয়েক সেকেন্ডের মধ্যেই সজোরে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের ওপর আছড়ে পড়ে। এই ভয়াবহ সংঘর্ষের পর প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং বিমানটিতে সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে (Plane Crash in Texas)।
আরও পড়ুনঃ বিহার বিধানসভা নির্বাচনে আরও বাহিনী মোতায়েন করতে চায় স্বরাষ্ট্র মন্ত্রক
প্রশাসন সূত্রে খবর, স্থানীয় সময় দুপুর ১.৩০ মিনিট নাগাদ কিং এয়ারের একটি ছোট বিমান হিক্স বিমানবন্দর থেকে আকাশে ওড়ে। তবে উড়ানের পরই ঘটে যায় বিপত্তি। বিমানটি মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবন্দরের পাশে পার্ক করে রাখা কমপক্ষে ১০টি ট্রাকের ওপর আছড়ে পড়ে। এই ধাক্কার তীব্রতা এত বেশি ছিল যে বিমান এবং ট্রাকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দুর্ঘটনার স্থানে দাউদাউ করে জ্বলছে ট্রাকগুলি এবং কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। এর ফলে ওই রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় (Plane Crash in Texas)।
Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial
খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বিভাগ। দমকলের ১০টি ইঞ্জিন প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এখনও পর্যন্ত কর্তৃপক্ষ বিমানটিতে কতজন যাত্রী ছিলেন, সেই বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি। দু’জনের মৃত্যুর খবর জানানো হলেও, নিহতদের পরিচয়ও প্রকাশ করা হয়নি। এই ঘটনার পর ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) যৌথভাবে তদন্ত শুরু করেছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন—এটি নিছক যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে, নাকি পাইলটের কোনো ভুল এর জন্য দায়ী। কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্ঘটনার তদন্ত একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া (Plane Crash in Texas)।