ad
ad

Breaking News

Pakistan

২৭তম সংশোধনী বিলের পর পাকিস্তানের বিচারব্যবস্থা সংকটে, পদত্যাগ দুই বিচারপতির

নতুন কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করবেন রাষ্ট্রপতি, যাঁর নাম প্রধানমন্ত্রী প্রস্তাব করবেন।

pakistan-supreme-court-crisis

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: পাকিস্তানের পার্লামেন্ট বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে ‘২৭তম সংবিধান সংশোধনী বিল’, যা দেশের সংবিধান ও বিচারব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে। এই সংশোধনীর ফলে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি পাবে, আর সুপ্রিম কোর্টের ক্ষমতা সীমিত হবে। দীর্ঘদিন ধরেই সমালোচকরা মনে করছিলেন, এই বিল পাকিস্তানের গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। 

এই সংশোধনীর মাধ্যমে গঠিত হচ্ছে ফেডারেল কনস্টিটিউশন কোর্ট (FCC), যা সুপ্রিম কোর্টের উপরে থাকবে। নতুন কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করবেন রাষ্ট্রপতি, যাঁর নাম প্রধানমন্ত্রী প্রস্তাব করবেন। অন্য বিচারপতিদের নিয়োগও সরকারের নিয়ন্ত্রণে থাকবে। ফলে, সুপ্রিম কোর্ট কেবলমাত্র ক্রিমিনাল ও সিভিল মামলায় সর্বোচ্চ আদালত হিসেবে কাজ করবে, আর অন্য সব বিষয়ে FCC-এর সিদ্ধান্তই বাধ্যতামূলক হবে।

এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতি মনসুর আলি শাহ ও আথার মিনল্লাহ পদত্যাগ করেছেন। মনসুর আলি শাহ তাঁর পাঁচ পাতার ইস্তফাপত্রে বলেছেন, এই সংশোধনী বিচারব্যবস্থার স্বাধীনতা খর্ব করছে এবং তিনি এমন একটি আদালতে কাজ করতে পারবেন না যা সাংবিধানিক ক্ষমতা থেকে বঞ্চিত। তিনি বলেন, এটি পাকিস্তানের সংবিধানের জন্য ভয়াবহ আঘাত।

এছাড়া, হাইকোর্টের বিচারপতিদের বদলিতে আর তাঁদের মতামত নেওয়া হবে না, আর প্রতিবাদ করলে পদত্যাগ করতে হবে। সামগ্রিকভাবে, সরকারের ক্ষমতার ওপর সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ কমানো হয়েছে। দুই বিচারপতির পদত্যাগ পাকিস্তানের বিচারব্যবস্থায় আসন্ন সঙ্কটের ইঙ্গিত দিচ্ছে এবং রাজনৈতিক মহলে এটিকে দেশের সংবিধানিক ভারসাম্যের জন্য গুরুতর সমস্যা হিসেবে দেখা হচ্ছে।