ad
ad

Breaking News

Pakistan

Pakistan: আফগান সীমান্তে ভয়াবহ বিস্ফোরণ! পাক পুলিশের ভ্যান ওড়ালো জঙ্গিরা

এই হামলার নেপথ্যে কারা রয়েছে, তা জানতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

Pakistan Police Van IED Blast

চিত্রঃ সংগৃহীত

Bangla jago Desk: সীমান্তবর্তী এলাকায় জঙ্গি কার্যকলাপের বাড়বাড়ন্তের মাঝে ফের রক্তাক্ত পাকিস্তান। সোমবার আফগানিস্তান সীমান্ত সংলগ্ন পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ ভ্যানে আইইডি বিস্ফোরণে অন্তত ৬ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের টাঙ্ক জেলায় এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, পুলিশের গাড়িটি যখন ওই এলাকায় রুটিন টহল দিচ্ছিল, তখনই রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে ইশাক আহমেদ নামে একজন পদস্থ পুলিশ আধিকারিক রয়েছেন, যিনি ওই টহলদারি দলের নেতৃত্ব দিচ্ছিলেন। ঘটনার পরপরই গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে প্রশাসন। এই হামলার নেপথ্যে কারা রয়েছে, তা জানতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী মহসিন নকভি এই নারকীয় হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। নিহত পুলিশ কর্মীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে গিয়ে এই বীর জওয়ানরা আত্মবলিদান দিয়েছেন। তাঁদের এই ত্যাগ বৃথা যাবে না। এখনও পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে প্রাথমিক সন্দেহ তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি-র দিকেই। গত কয়েক মাসে পাক নিরাপত্তা বাহিনী ও সাধারণ নাগরিকদের ওপর একের পর এক হামলা চালিয়েছে এই সংগঠনটি।

আফগান তালিবানের সঙ্গে টিটিপি-র আদর্শগত ও কৌশলগত যোগসূত্র রয়েছে বলে মনে করা হয়। এই হামলার ঘটনায় ইসলামাবাদ ও কাবুলের মধ্যে কূটনৈতিক চাপানউতোর আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের মাটি ব্যবহার করে জঙ্গিরা পাকিস্তানে নাশকতামূলক কাজ চালাচ্ছে। যদিও তালিবান শাসিত আফগান সরকার বারবার এই দাবি অস্বীকার করেছে। কাতার মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি থাকলেও, সাম্প্রতিক সময়ে ড্রোন হামলা ও সীমান্ত সংঘর্ষের জেরে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে।