চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা বাজার মাঝেই এবার কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। দক্ষিণ কোরিয়ার জলসীমায় আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে চ্যালেঞ্জ জানিয়ে জাপান সাগর লক্ষ্য করে পরপর ১০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল কিমের সেনা। শনিবার দুপুরে উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়, যা সরাসরি জাপানের ‘এক্সক্লুসিভ ইকোনমিক জোন’-এর সমুদ্রে গিয়ে আছড়ে পড়ে। কিম প্রশাসনের এই আগ্রাসী পদক্ষেপে দক্ষিণ কোরিয়া ও জাপানে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এবং দুই দেশেই হাই-অ্যালার্ট জারি করা হয়েছে।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই মিসাইল হামলার মাত্র ২৪ ঘণ্টা আগেই দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বৈঠকে ট্রাম্প দাবি করেছিলেন যে কিমের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে এবং তিনি আলোচনায় আগ্রহী। কিন্তু পরক্ষণেই ১০টি মিসাইল ছুড়ে কিম স্পষ্ট করে দিলেন যে, তিনি এই মুহূর্তে কোনো আলোচনার মেজাজে নেই। বরং ঘরের দুয়ারে মার্কিন সেনার দাপাদাপি যে তিনি মোটেই ভালো চোখে দেখছেন না, এই সামরিক আস্ফালন তারই পাল্টা জবাব বলে মনে করছে কূটনৈতিক মহল।
মূলত গত ৯ মার্চ থেকে শুরু হওয়া আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ যুদ্ধ মহড়া ‘ফ্রিডম শিল্ড’-এর প্রতিক্রিয়ায় এই হামলা চালিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়া দীর্ঘকাল ধরেই অভিযোগ করে আসছে যে, এই ধরনের মহড়া আসলে তাদের ওপর হামলা চালানোর প্রাথমিক প্রস্তুতি। আগামী ১৯ মার্চ পর্যন্ত চলা এই বিশাল সামরিক মহড়ার পাল্টায় কিম জং উন আগামী দিনে আরও বড় কোনো পদক্ষেপ করেন কি না, এখন সেদিকেই নজর বিশ্বশক্তির।