চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: পিতার পর এবার আমেরিকা ও ইজরায়েলের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছেন পুত্র। ইরানের নয়া সুপ্রিম লিডার মোজতাবা খামেনেইকে খতম করতে কোমর বেঁধে নেমেছে ওয়াশিংটন ও তেল আভিভ। এই আবহে মোজতাবার মাথার দাম ঘোষণা করে বিশ্ব রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে আমেরিকা। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের এই নয়া শীর্ষ নেতার গতিবিধি বা অবস্থান সম্পর্কে সঠিক তথ্য দিতে পারলে ১০ লক্ষ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯২.৪৭ কোটি টাকা। শুক্রবার মার্কিন বিদেশ দফতরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ প্রোগ্রাম মোজতাবা-সহ ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের (IRGC) বেশ কয়েকজন প্রভাবশালী কর্মকর্তার ছবি প্রকাশ করে এই ঘোষণা করেছে।
মার্কিন বিদেশ দফতরের বিবৃতিতে দাবি করা হয়েছে যে, মোজতাবা খামেনেই এবং তাঁর সহযোগীরা বিশ্বজুড়ে বিভিন্ন সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের নীল নকশা তৈরি ও তা বাস্তবায়নের নেপথ্যে রয়েছেন। এই তালিকায় মোজতাবার পাশাপাশি ইরানের সুপ্রিম লিডারের কার্যালয়ের ডেপুটি চিফ অফ স্টাফ আলি আসগর হেজাজি এবং নিরাপত্তা প্রধান আলি লারিজানির নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। আমেরিকার স্পষ্ট বার্তা, যারা এই ব্যক্তিদের সম্পর্কে তথ্য দিয়ে সাহায্য করবেন, তাঁদের পরিচয় গোপন রাখা হবে এবং মোটা অঙ্কের পুরস্কার প্রদান করা হবে।
অন্যদিকে, এই পুরস্কার ঘোষণার মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহেই ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলা চালানো হতে পারে। ট্রাম্পের এই মন্তব্যের পর মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধাতঙ্ক ছড়িয়ে পড়েছে। পিছিয়ে নেই ইজরায়েলও। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মোজতাবাকে ‘রেভোলিউশনারি গার্ড কর্পসের পুতুল’ বলে কটাক্ষ করে জানিয়েছেন, তাঁকে কোনওভাবেই রেয়াত করা হবে না। সেই সঙ্গে ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে সমূলে উপড়ে ফেলার হুমকিও দিয়েছেন তিনি। সব মিলিয়ে মোজতাবাকে কেন্দ্র করে পশ্চিমী দুনিয়া ও ইরানের মধ্যে সংঘাত এখন চরম পর্যায়ে পৌঁছেছে।