চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: আমেরিকা ও ভেনেজুয়েলার মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বুধবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই রাষ্ট্রনেতার মধ্যে ভারত-ইজরায়েল দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং সন্ত্রাসবাদ মোকাবিলা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে ঘিরে আমেরিকার অপহরণ ও গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে (Modi-Netanyahu)।
এই ঘটনাকে ঘিরে ‘মার্কিন সাম্রাজ্যবাদ’ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। পরিস্থিতির প্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রক জানায়, ভেনেজুয়েলার সাধারণ মানুষের শান্তি ও স্থিতাবস্থা যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়েই ভারতের অবস্থান স্পষ্ট। এই আন্তর্জাতিক টানাপোড়েনের আবহেই ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী মোদি। ফোনালাপের পরে তিনি নিজের এক্স হ্যান্ডলে লেখেন, ইজরায়েলের প্রধানমন্ত্রী ও সেদেশের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানাতে পেরে তিনি আনন্দিত (Modi-Netanyahu)।
পাশাপাশি আগামী দিনে ভারত-ইজ়রায়েল কৌশলগত অংশীদারিত্ব আরও কীভাবে শক্তিশালী করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী আরও লেখেন, দুই দেশের মধ্যে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় হয়েছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও দৃঢ়ভাবে একসঙ্গে লড়াই চালানোর বিষয়ে উভয় দেশের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। কূটনৈতিক মহলের মতে, এই আলোচনা বর্তমান বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষিতে বিশেষ তাৎপর্যপূর্ণ।
উল্লেখ্য, ২০১৮ সালে শেষবার ছয় দিনের ভারত সফরে এসেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ২০২৫ সালের নভেম্বর মাসে তাঁর ফের ভারত সফরের পরিকল্পনা থাকলেও বিভিন্ন কারণে সেই সফর বাতিল হয়। পরে নেতানিয়াহুর দফতর জানায়, ডিসেম্বরে নির্ধারিত সফর স্থগিত হওয়ার পর তা পুনরায় নির্ধারণের বিষয়টি নিয়ে আলোচনা চলছে (Modi-Netanyahu)।