Bangla Jago Desk: পবিত্র রমজান মাসে মা ও মেয়েকে সঙ্গে নিয়ে মদিনায় গিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কন্যা। কিন্তু পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় সেখানে আটকে পড়েছেন তিনি, তাঁর মেয়ে এবং মা। ফেসবুক লাইভে এসে প্রিয়দর্শিনী নিজেই তাঁদের বর্তমান পরিস্থিতির কথা জানান।
প্রিয়দর্শিনী বলেন, এই প্রথম রমজানের সময়ে মদিনায় গিয়েছেন তাঁরা এবং গত তিন দিন ধরে সেখানেই রয়েছেন। এদিন নামাজের পর যুদ্ধের খবর পান। লাইভে তিনি জানান, মদিনায় তাঁর অভিজ্ঞতা অত্যন্ত ভালো। বিভিন্ন ভাষাভাষির মানুষ একত্রিত হয়েছেন সেখানে। ভাষা না মিললেও সকলেই একে অপরকে সাহায্য করতে এগিয়ে আসছেন। ধর্মীয় আবহে মানুষের ভ্রাতৃত্ববোধ তাঁকে মুগ্ধ করেছে। তবে যুদ্ধের খবর তাঁদের মানসিকভাবে নাড়া দিয়েছে বলেও জানান তিনি। রমজানের পবিত্র সময়ে ইসলামি দেশগুলির উপর হামলা বন্ধ হোক—এই প্রার্থনাই করেছেন প্রিয়দর্শিনী। যদিও তিনি স্পষ্ট করেন, ভিন দেশে আটকে থাকলেও আপাতত তাঁরা নিরাপদেই রয়েছেন।
এদিকে, দুবাইয়ে আটকে পড়েছেন টলিউডের অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও তাঁর ছেলে ইউভান। একই পরিস্থিতিতে রয়েছেন অভিনেত্রী সোনাল চৌহান এবং ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। তবে প্রত্যেকেই বর্তমানে নিরাপদে আছেন বলে জানা গিয়েছে।
উল্লেখযোগ্যভাবে, কয়েক মাস ধরেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই-কে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে আন্তর্জাতিক মহলে জোর জল্পনা। ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ এবং মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র যৌথ তৎপরতার কথাও সামনে এসেছে। খামেনেইয়ের ঘনিষ্ঠ মহলে নজরদারি চালানো থেকে শুরু করে তাঁর কার্যালয়ের আশপাশের সিসিটিভি ক্যামেরা হ্যাক করার অভিযোগও উঠেছে।
সূত্রের দাবি, শনিবার সকালে কয়েকজন শীর্ষ আধিকারিককে নিয়ে নিজের কার্যালয়ে একটি গোপন বৈঠকে বসেছিলেন খামেনেই। ইরান সরকারের অন্দরের কেউ সেই তথ্য বাইরে ফাঁস করেছিলেন বলেও অভিযোগ। বৈঠকের স্থান ও সময় সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিয়েই হামলা চালানো হয় বলে জানা গিয়েছে।
শনিবার মধ্যরাতে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানে হামলায় খামেনেই নিহত হয়েছেন। তাঁর এই দাবির পর রবিবার ভোরে ইরানের সরকারি সংবাদমাধ্যম জানায়, দেশের সর্বোচ্চ নেতা ‘শহিদ’ হয়েছেন। ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।



