চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: প্যালেস্তাইনের বিখ্যাত চিত্রপরিচালক ও চলতি বছরের অস্কারজয়ী হামদান বাল্লালকে নির্মমভাবে মারধর করে গ্রেফতার করেছে ইজরায়েলি সেনা। রক্তাক্ত অবস্থায় অ্যাম্বুল্যান্সে শুয়ে থাকাকালীন তাঁকে গ্রেফতার করা হয়। তারপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। ইজরায়েলি সেনা এ বিষয়ে স্পষ্টভাবে কিছু বলতে চায়নি।
সোমবার মাসাফের ইয়াট্টার সুসিয়া গ্রামে ঢুকে ইজরায়েলিরা ব্যাপক তাণ্ডব চালায়। স্থানীয়দের মারধর করা হয়, ঘরবাড়ি ভাঙচুর করা হয়। এই হামলার শিকার হন পরিচালক হামদান বাল্লালও। মাথা ও পেট থেকে রক্ত ঝরতে থাকায় তাঁকে চিকিৎসার জন্য অ্যাম্বুল্যান্সে তোলা হয়। কিন্তু সেখানেই ইজরায়েলি সেনারা তাঁকে আটক করে এবং অন্যত্র নিয়ে যায়। এরপর থেকে তাঁর অবস্থান অজানা।
হামদানের সহকারী বাসেল আদ্রা জানান, রমজানের উপবাস ভাঙার কিছুক্ষণ পরই ২৫ জনের বেশি অস্ত্রধারী ইজরায়েলি গ্রামে আক্রমণ চালায়। পরে ইজরায়েলি সেনারা আসে, বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে থাকে, আর অন্যরা গ্রামবাসীদের দিকে পাথর ছুঁড়তে থাকে। সে সময় গুরুতর আহত অবস্থায় হামদানের চোখ বেঁধে ফেলা হয় এবং তাঁকে নিয়ে যাওয়া হয়। তাঁর রক্তের দাগ এখনও বাড়ির সামনে পড়ে রয়েছে। ইজরায়েলি সেনার দাবি, গ্রামবাসীরা প্রথমে পাথর ছুঁড়েছিল, তাই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হামদানের বিষয়ে কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত, হামদান বাল্লালের তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’ চলতি বছর অস্কারে সেরা তথ্যচিত্রের পুরস্কার পেয়েছে। ছবিটিতে ১৯৬৭ সাল থেকে ইজরায়েলের দখলে থাকা মাসাফের ইয়াট্টার সাধারণ মানুষের দুর্বিষহ জীবনচিত্র ফুটিয়ে তোলা হয়েছে। মুক্তির পর থেকেই ছবিটি বিশ্বব্যাপী প্রশংসিত হয়। তবে এই ছবি বানানোর জন্যই হামদানের ওপর নির্মম অত্যাচার চালানো হয়েছে বলে মনে করছেন তাঁর সহকর্মীরা। পরিচালকের বর্তমান অবস্থা ও অবস্থান জানতে বিশ্বব্যাপী উদ্বেগ বাড়ছে।