ad
ad

Breaking News

Gaza

ফের গাজায় ইজরায়েলি গোলা বর্ষণ, মৃত ৩০

গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ-তে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইজরায়েলি বাহিনী আচমকাই গুলি চালাতে শুরু করে।

Israeli shelling in Gaza again, 30 dead

চিত্র : নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: গাজা ভূখণ্ডে নতুন করে ইজরায়েলের হামলা। গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ-তে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইজরায়েলি বাহিনী আচমকাই গুলি চালাতে শুরু করে। আর তাতেই অন্তত ৩০  জন ফিলিস্তিনি নিহত ও আরও অন্তত ১১৫ জন আহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তরফে সামনে আনা হয়েছে এই মর্মান্তিক ঘটনা। প্রত্যক্ষদর্শীদের মতে,  রবিবার ভোরের দিকে হাজার হাজার ফিলিস্তিনি ওই ত্রাণকেন্দ্রের কাছে জড়ো হয়েছিলেন ত্রাণ সংগ্রহের জন্য। তখনই ইজরায়েলি বাহিনীর তরফে গুলি চালানো হয়। ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ২৬ জনের। সেইসঙ্গে বহু মানুষ গুরুত্বর জখম হয়েছেন।

প্রসঙ্গত, এই প্রাণঘাতী হামলার ঘটনা এমন সময় ঘটল, যখন হামাস সম্প্রতি একটি মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। হামাসের এক শীর্ষ নেতা জানিয়েছেন, তারা ‘গঠনমূলক ও দায়িত্বশীল’ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে মার্কিন দূত স্টিভ উইটকফ এই ঘটনাকে ‘ সম্পূর্ণ অগ্রহণযোগ্য’  বলে উড়িয়ে দেন। হামাস জানিয়েছে, তারা একটি স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে জোর দিয়েছে—যা দীর্ঘদিন ধরেই ইজরায়েলের সঙ্গে বিরোধের মূল কেন্দ্রবিন্দু। ফরাসি বার্তা সংস্থাকে এক হামাস নেতা জানান, তারা গাজা থেকে সম্পূর্ণ ইজরায়েলি সেনা প্রত্যাহারের  দাবি জানিয়েছে। এরই মাঝে শুক্রবার ইজরায়েল হুঁশিয়ারি দেয়, হামাস যদি মার্কিন সমর্থিত প্রস্তাব মেনে নিয়ে গাজায় আটক রাখা বন্দিদের মুক্তি না দেয়, তবে তাদের সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে।এই ঘটনার জেরে গাজায় পরিস্থিতি আরও উত্তপ্ত ও অনিশ্চিত হয়ে উঠেছে।বলা বাহুল্য,  গত কয়েকমাসে গাজাকে অবরুদ্ধ করে ভয়ংকর অভিযান চালাচ্ছে ইজরায়েল।

সম্প্রতি এক রিপোর্টে জানা যায়, গাজার ২০ লক্ষ বাসিন্দার মধ্যে বেশিরভাগই ভয়ংকর অপুষ্টির শিকার।  এর পরই গাজার ত্রাণ পাঠানোর অনুমতি দেয় ইজরায়েল। যদিও উত্তর গাজায় ত্রাণ পাঠানোর অনুমতি দেওয়া হয়নি ইজরায়েলের তরফে। আর এবার এই ত্রাণ দেওয়ার সময় গাজায় হামলা চালাল ইজরায়েলি বাহিনী।