Bangla Jago Desk: গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে রাষ্ট্রসংঘ পরিচালিত একটি বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৭ জন প্রাণ হারিয়েছে। হামলায় আহত হয়েছেন অন্তত ৯৩ জন। গাজা উপত্যকার সবচেয়ে বড় শরণার্থী শিবির জাবালিয়া। ওই শিবিরের এক চিকিৎসক বলেন, হামলার শিকার হওয়া বিদ্যালয়ে কয়েক হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল। যদিও ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার থেকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে।
চুক্তি অনুযায়ী অপহৃত ১৩ নাগরিককে মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। স্থানীয় সময় বিকেল চারটার দিকে তাঁদের মুক্তি দেওয়া হবে। এর আগে গত বুধবার ইসরায়েল সরকার ও হামাস যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে একমত হয়। সে অনুযায়ী, গাজায় চার দিন ইসরায়েলি হামলা বন্ধ রাখার কথা ছিল। কিন্তু ইসরায়েল জানায়, শুক্রবারের আগে হামলা বন্ধ করবে না তারা। তাই এর আগে অপহৃতদের মুক্তি দেওয়া হবে না বলে জানিয়ে দেয় হামাস।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে নিহত হন ১ হাজার ২০০ জন। সেদিন ইসরায়েলে দক্ষিণাঞ্চল থেকে ২৪০ জনকে জিম্মিও করা হয় বলে জানিয়েছে দেশটির সরকার। হামাসের হামলার কিছুক্ষণ পরই গাজায় নির্বিচার বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল বাহিনী। এর পর থেকে অব্যাহত হামলায় গাজার ১৪ হাজারের বেশি বাসিন্দা নিহত হয়েছেন। তাঁদের বেশির ভাগই নারী ও শিশু।
Free Access