চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: শান্তি ফেরাতে আমেরিকার সঙ্গে পরমাণু আলোচনায় বসতে রাজি ইরান। তবে তার আগে ওয়াশিংটনকে দু’টি গুরুত্বপূর্ণ শর্ত মানতে হবে বলে জানিয়েছে তেহরান। একটি ইরানি সংবাদমাধ্যমের দাবি, শর্ত পূরণ হলেই কেবল পরমাণু চুক্তি নিয়ে ফের আলোচনায় বসবে ইরান। ৪০ দিনেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের পর সাময়িক সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে ইরান ও আমেরিকা। উত্তেজনা কমাতে এর আগেও দু’দেশের মধ্যে শান্তি বৈঠক হয়েছে পাকিস্তানে। কিন্তু সেই বৈঠক ব্যর্থ হওয়ায় আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে ফের কূটনৈতিক আলোচনার সম্ভাবনা তৈরি হলেও দু’পক্ষের মতভেদের কারণে তা এখনও বাস্তবায়িত হয়নি।
এর মধ্যেই লেবাননের একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমেরিকাকে নিজেদের শর্ত জানিয়েছে ইরান। তেহরানের প্রথম শর্ত, ইরান এবং লেবাননে সম্পূর্ণভাবে যুদ্ধ থামাতে হবে এবং নতুন করে যাতে সংঘাত শুরু না হয়, তা নিশ্চিত করতে হবে। দ্বিতীয় শর্ত হিসেবে হরমুজ প্রণালীতে আমেরিকার তৈরি করা অবরোধ তুলে নেওয়ার দাবি করেছে তারা। ইরানের বক্তব্য, এই দু’টি শর্ত পূরণ হলে তবেই পরমাণু আলোচনা পুনরায় শুরু হবে।
এ বিষয়ে ওয়াশিংটনের তরফে সরাসরি কোনও মন্তব্য করা হয়নি। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, এগুলি সংবেদনশীল কূটনৈতিক আলোচনা। তাই গণমাধ্যমে বিষয়গুলি নিয়ে আমরা কোনও মন্তব্য করব না। তবে তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই স্পষ্ট করেছেন যে আমেরিকা শুধুমাত্র এমন কোনও চুক্তিতেই স্বাক্ষর করবে যা মার্কিন জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেবে। হোয়াইট হাউস আরও জানিয়েছে, ইরানকে কোনওভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না। ফলে তেহরানের শর্ত মেনে ওয়াশিংটন আলোচনায় বসে কি না, তা নিয়েই এখন আন্তর্জাতিক মহলে জল্পনা তুঙ্গে।