ad
ad

Breaking News

Donald Trump

ফের আমেরিকার সঙ্গে বৈঠকে বসতে চলেছে ইরান, দাবি ট্রাম্পের

মঙ্গলবার সকালে ট্রাম্প জানিয়েছিলেন, আলোচনায় যোগ দিতে তাঁর প্রতিনিধিদল পাকিস্তানের উদ্দেশে রওনা দিচ্ছে।

iran-talks-trump-signals-good-news-us-iran-meeting

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: ইরানের সঙ্গে আমেরিকার দ্বিতীয় দফার শান্তি আলোচনার বিষয়ে ‘সুসংবাদ’ থাকার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, খুব শীঘ্রই ইরানের সঙ্গে বৈঠক হতে পারে এবং শুক্রবার সেই বৈঠক বসার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি। যদিও এই দাবিকে সরাসরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে ইরান। ট্রাম্পের এই বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ। তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করে জানানো হয়েছে, ট্রাম্প আবার মিথ্যা বলেছেন। শুক্রবার সমঝোতা বৈঠকে বসার সিদ্ধান্ত ইরান এখনও নেয়নি। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণাও করেছেন ট্রাম্প। তবে একইসঙ্গে তিনি জানিয়েছেন, ইরানের বন্দরগুলিতে মার্কিন নৌসেনার অবরোধ অব্যাহত থাকবে। মঙ্গলবার গভীর রাতে ট্রাম্প দাবি করেন, পাকিস্তানের অনুরোধে আমেরিকা যুদ্ধবিরতির সময়সীমা বাড়াচ্ছে।

প্রসঙ্গত, মঙ্গলবার রাত থেকেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আমেরিকা ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা বসার কথা ছিল। মঙ্গলবার সকালে ট্রাম্প জানিয়েছিলেন, আলোচনায় যোগ দিতে তাঁর প্রতিনিধিদল পাকিস্তানের উদ্দেশে রওনা দিচ্ছে। কিন্তু পরে আমেরিকারই একটি সংবাদমাধ্যম দাবি করে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং তাঁর সফরসঙ্গীদের পাকিস্তান সফর আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে।এই পরিস্থিতিতে রাতেই সমাজমাধ্যমে ট্রাম্প লেখেন, ইরানের সরকারের অন্দরে যুদ্ধবিরতি নিয়ে গুরুতর মতবিরোধ চলছে, যা স্বাভাবিক বলেই মন্তব্য করেন তিনি। পাশাপাশি ট্রাম্প জানান, পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আমেরিকার কাছে অনুরোধ করেছেন ইরানের উপর আক্রমণ স্থগিত রাখতে।

ট্রাম্পের বক্তব্য, যতক্ষণ না ইরানের নেতা ও প্রতিনিধিরা একটি ঐক্যবদ্ধ প্রস্তাব দিতে পারেন, ততক্ষণ পর্যন্ত আমরা আক্রমণ স্থগিত রাখছি। এখনও পর্যন্ত আলোচনার নির্দিষ্ট দিনক্ষণ নিয়ে নিশ্চিতভাবে কিছু জানায়নি ইরান। তবে ট্রাম্পের বক্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।