ad
ad

Breaking News

Israel

খামেনেইর উত্তরসূরি কে? ইজরায়েলের সাফ কথা— ‘যেই আসুক, তাকেই খতম করা হবে’

এক ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মোজতবা খামেনেইকে উত্তরসূরি হিসাবে বেছে নেওয়া হয়েছে।

iran-succession-israel-warning

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন, তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক সেই সময়ই কড়া হুঁশিয়ারি দিল ইজরায়েল। খামেনেইয়ের উত্তরসূরি হিসাবে যাঁকেই দায়িত্ব দেওয়া হোক না কেন, তাঁকে হত্যা করা হবে— এমনই সরাসরি বার্তা দিয়েছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাট্‌জ

বুধবার সমাজমাধ্যমে এক পোস্টে কাট্‌জ দাবি করেন, ইরানের নতুন যে নেতাই ক্ষমতায় আসুন না কেন, তিনি ইজরায়েলকে ধ্বংস করার পরিকল্পনা করবেন। তাই ইজরায়েল আগাম প্রস্তুতি নিয়েই রাখছে। তাঁর কথায়, নতুন ধর্মীয় নেতা যেখানেই থাকুন বা যে নামেই পরিচিত হোন, তাঁকে টার্গেট করা হবে। কাট্‌জ আরও অভিযোগ করেন, সম্ভাব্য নতুন নেতা শুধু ইজ়রায়েল নয়, আমেরিকার বিরুদ্ধেও হুমকি তৈরি করবেন এবং ইরানের সাধারণ মানুষের উপর দমনপীড়ন চালাবেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তিনি নিজে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে সেনাবাহিনীকে বলা হয়েছে বলেও উল্লেখ করেন কাট্‌জ়। পাশাপাশি তিনি বলেন, আমেরিকার মিত্রদের সহযোগিতায় ইরানের বর্তমান শাসনব্যবস্থার বিরুদ্ধে অভিযান জারি থাকবে।

উল্লেখ্য, গত শনিবার আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় আয়াতোল্লা খামেনেই নিহত হন বলে ইরানি সূত্রে দাবি করা হয়েছে। এরপর থেকেই ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন নিয়ে জল্পনা শুরু হয়। এক ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মোজতবা খামেনেইকে উত্তরসূরি হিসাবে বেছে নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নিয়েছে ইরানের তিন সদস্যের অন্তর্বর্তী কাউন্সিল।

খামেনেইয়ের মৃত্যুর পর প্রাথমিকভাবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে নিয়ে একটি অন্তর্বর্তী কাউন্সিল গঠন করা হয়েছিল, যাদের হাতে সাময়িক শাসনভার ছিল। অন্তর্বর্তী সর্বোচ্চ নেতা হিসাবে আলিরেজা আরাফির নামও ঘোষণা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত খামেনেইয়ের পুত্রকেই তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। আর এই সম্ভাব্য নাম সামনে আসতেই ইজ়রায়েলের তরফে প্রকাশ্যে এল কঠোর হত্যার হুঁশিয়ারি।