ad
ad

Breaking News

Mojtaba Khamenei

আমেরিকা- ইজরায়েলের যৌথ হামলায় জখম ইরানের সর্বোচ্চ নেতা, মস্কোয় চলছে চিকিৎসা

বর্তমানে রাশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোজতবা

Mojtaba Khamenei Injured, Hospitalised in Russia

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: মধ্যপ্রাচ্যের অশান্ত পরিস্থিতির মধ্যে নতুন করে জল্পনা তৈরি হয়েছে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব ঘিরে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ হামলায় গুরুতর আহত হয়েছেন ইরানের নয়া সুপ্রিম লিডার মোজতবা খামেনেই।  এমনই দাবি করেছে কুয়েতের একটি সংবাদপত্র। যদিও এই তথ্য নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।কুয়েতি এক সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে রাশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোজতবা। এমনকি তাঁকে রাশিয়ায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-এর সঙ্গে কথাও বলেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার একটি রুশ যুদ্ধবিমানে করে মোজতবাকে মস্কোয় নিয়ে যাওয়া হয়। যদিও এই দাবির সত্যতা নিয়ে মুখ খোলেনি রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ‘এ ধরনের প্রতিবেদন নিয়ে আমরা কোনও মন্তব্য করি না।’ সূত্রের দাবি, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে ভয়াবহ হামলা চালায় মার্কিন ও ইজরায়েলি বাহিনী। সেই হামলায় অল্পের জন্য প্রাণে বাঁচেন মোজতবা। যদিও ঘটনায় তাঁর পরিবারের একাধিক সদস্যের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই তথ্যও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।এদিকে, আন্তর্জাতিক মহলে মোজতবার শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে। কেউ দাবি করছেন তিনি গুরুতর আহত, কেউ বলছেন কোমায় রয়েছেন, আবার কিছু সূত্র তাঁর মৃত্যুর কথাও বলছে।

এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মোজতবা খামেনেই এখনও জীবিত, তবে আহত। সব মিলিয়ে ইরানের শীর্ষ নেতৃত্ব, রাশিয়ার সম্ভাব্য ভূমিকা এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত—এই তিনকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে মোজতবার প্রকৃত শারীরিক অবস্থা ও অবস্থান নিয়ে এখনও স্পষ্ট কোনও সরকারি ঘোষণা না থাকায় জল্পনাই বাড়ছে।