চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: ইরান বনাম আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধ দেড় মাস অতিক্রান্ত। লাগাতার হামলা-পাল্টা হামলার মধ্যেও এখনও হার মানেনি তেহরান। এমন পরিস্থিতিতে ফের একবার সংঘাত ‘শেষের পথে’ বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একইসঙ্গে স্পষ্ট করলেন, আমেরিকার সামরিক অভিযান এখনও পুরোপুরি শেষ হয়নি। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি নিয়ে তিনি আর নতুন করে ভাবনাচিন্তা করছেন না। যদিও কয়েক ঘণ্টা পরে বুধবার ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষের পথে। ট্রাম্প বলেন,‘আমার মনে হয় এটা প্রায় শেষের পথে। শেষ হওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি।’
এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন হরমুজ প্রণালীতে আমেরিকার নৌসেনা কার্যত অবরোধ শুরু করেছে। ইসলামাবাদে প্রথম দফার শান্তিবৈঠক ভেস্তে যাওয়ার পরই হরমুজে একাধিক মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে বলে খবর। ফলে ইরানের বন্দর থেকে বহু জাহাজ ফিরে যেতে বাধ্য হয়েছে। এমনকি কোনও জাহাজ বন্দর ছাড়তে পারেনি বলেও দাবি করা হয়েছে। যুদ্ধ শেষের দাবি করলেও ট্রাম্প জানিয়েছেন, আমেরিকা এখনও পুরোপুরি অভিযান গুটিয়ে নেয়নি। তাঁর কথায়, ‘আমি এখনই সব কিছু গুটিয়ে নিলে ওদের দেশ পুনর্গঠন করতে আরও ২০ বছর সময় লাগবে। আমরা কিন্তু এখনও শেষ হইনি। দেখা যাক কী হয়। আমার মনে হয় ওরা যেনতেন ভাবে চুক্তি করতে চায়।’
এই প্রসঙ্গে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, শান্তি আলোচনার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হল দীর্ঘদিন ধরে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে তৈরি হওয়া অবিশ্বাস। তাঁর মতে, সেই অবিশ্বাস দূর না হলে আলোচনায় বাস্তব সমাধান পাওয়া কঠিন। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে পারে বলেই আশাবাদী ভান্স। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের উপর হামলা চালাচ্ছে আমেরিকা এবং ইজরায়েল। পাল্টা প্রত্যাঘাত করছে তেহরানও। সংঘর্ষে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বহু মানুষের মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, এই সংঘাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই-সহ একাধিক উচ্চপদস্থ ব্যক্তির মৃত্যু হয়েছে।