ad
ad

Breaking News

যুদ্ধবিরতির মাঝেই লেবাননে হামলা ইজরায়েলের, নেতানিয়াহুকে ‘শিক্ষা’ দিতে পালটা দিল ইরান

হরমুজ বন্ধ করে বিশ্বকে জ্বালানি সংকটের হুঁশিয়ারি তেহরানের

Iran Blocks Strait of Hormuz After Israel Attacks Lebanon

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: মধ্যপ্রাচ্যে ফের ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। দীর্ঘ প্রতীক্ষিত সংঘর্ষবিরতি স্থায়ী হল না ২৪ ঘণ্টাও! লেবাননে ইজরায়েলি হামলার প্রতিবাদে বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালী’ (Strait of Hormuz) ফের বন্ধ করার চরম সিদ্ধান্ত নিল ইরান। তেহরানের সাফ দাবি, ইজরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, তাই এই পালটা ব্যবস্থা।

জানা গিয়েছে, সংঘর্ষবিরতির চুক্তি চলাকালীনই লেবাননের ওপর ভয়াবহ আক্রমণ চালিয়েছে তেল আভিভ। ইজরায়েলি ফাইটার জেটের গর্জন আর শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে গোটা বেইরুট। ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ। শুধু বেইরুট নয়, বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননজুড়ে হেজবোল্লার ১০০টিরও বেশি ঘাঁটিতে মিসাইল বর্ষণ করেছে ইজরায়েল। লেবাননের স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত ২৫৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত ৮০০-রও বেশি। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, “এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়, হেজবোল্লার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

ইজরায়েলের এই আগ্রাসনের জবাবে কড়া অবস্থান নিয়েছে ইরান। ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই সোশাল মিডিয়ায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, “লেবাননের বিরুদ্ধে বর্বর আগ্রাসনের জবাবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এখনই বন্ধ করতে হবে। যুদ্ধবিরতি হলে তা সব রণাঙ্গনে হতে হবে, নতুবা কোথাও কার্যকর হবে না।” তাঁর এই বার্তায় স্পষ্ট যে, লেবাননের পাশে দাঁড়াতে ইরান যে কোনও চরম পদক্ষেপ নিতে প্রস্তুত।

এদিকে হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সংকটের আশঙ্কা তীব্র হয়েছে। তবে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও ভারতের জন্য স্বস্তির খবর বজায় রেখেছে ইরান। তেহরান আগেই জানিয়েছিল, ভারত, চিন ও রাশিয়ার মতো ‘বন্ধু’ দেশগুলির জন্য এই পথে বিশেষ ছাড়পত্র থাকবে। এ যাবৎ ভারতের অন্তত ৮টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। কিন্তু ইজরায়েল-লেবানন সংঘর্ষ নতুন মাত্রা পাওয়ায় সেই ছাড়পত্র কতটা স্থায়ী হবে, তা নিয়ে চিন্তায় রয়েছে দিল্লিও।