চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: ইরানের জ্বালানি পরিকাঠামোয় হামলা আপাতত পাঁচ দিনের জন্য স্থগিত রাখা হবে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানে ভয়াবহ বিমান হামলা। জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে ইসফাহানের একটি প্রাকৃতিক গ্যাসকেন্দ্র এবং খোররামশাহরের একটি বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহকারী পাইপলাইনে হামলা চালানো হয়েছে। ইরান সূত্রে জানা গিয়েছে, ইসফাহান প্রদেশের একটি গ্যাস উৎপাদন কেন্দ্র এই হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি সংলগ্ন আবাসিক এলাকারও কিছু অংশ ক্ষতির মুখে পড়েছে। অন্যদিকে, গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় খোরমশহরের বিদ্যুৎকেন্দ্রের উপর সরাসরি প্রভাব পড়েছে বলে দাবি করা হয়েছে।
তবে এই হামলা সরাসরি ওই কেন্দ্রগুলিকে লক্ষ্য করে চালানো হয়েছে, না কি আশপাশের অন্য কোনও লক্ষ্যবস্তুর উপর আঘাত হানতে গিয়ে ক্ষতি হয়েছে—তা এখনও স্পষ্ট নয়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, এই হামলার দায় এখনও পর্যন্ত কেউ স্বীকার করেনি। আমেরিকা বা ইজরায়েল—দুই দেশই এ বিষয়ে নীরব রয়েছে।
উল্লেখ্য, এর ঠিক আগেই প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছিলেন, ইরানের সঙ্গে সংঘাত পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে এবং সেই কারণে পাঁচ দিনের জন্য জ্বালানি ও বিদ্যুৎকেন্দ্রগুলিতে হামলা স্থগিত রাখা হবে। কিন্তু তার অল্প সময়ের মধ্যেই এই হামলার অভিযোগ সামনে আসায় তাঁর ঘোষণার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে ইরানও দাবি করেছে, আমেরিকার সঙ্গে কোনওরকম আলোচনা হয়নি। ফলে পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার আবহে এই ঘটনাকে ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে আন্তর্জাতিক মহল।