ad
ad

Breaking News

Instagram

হ্যাকারদের হাতে ১.৭৫ কোটি ইনস্টাগ্রাম ব্যবহারকারীর তথ্য! নীরব মেটা

ফাঁস হওয়া তথ্যের মধ্যে ব্যবহারকারীর নাম, বাড়ির ঠিকানা, ফোন নম্বর, ইমেল আইডি এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য অন্তর্ভুক্ত।

instagram-data-leak-2026

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: ইনস্টাগ্রামের এক কোটি ৭৫ লক্ষ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সাইবার অপরাধীদের হাতে পৌঁছেছে বলে অভিযোগ উঠেছে। প্রথমবার এই তথ্য ফাঁসের বিষয়টি প্রকাশ করেছে সফটওয়্যার সংস্থা ম্যালওয়্যারবাইটস। সংস্থার দাবি, ২০২৪ সাল থেকে এই তথ্য ফাঁসের ঘটনা চলছিল এবং বর্তমানে ডার্ক ওয়েবে তা বিক্রির জন্য রাখা আছে। 

ফাঁস হওয়া তথ্যের মধ্যে ব্যবহারকারীর নাম, বাড়ির ঠিকানা, ফোন নম্বর, ইমেল আইডি এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য অন্তর্ভুক্ত। ম্যালওয়্যারবাইটস জানিয়েছে, নিয়মমাফিক ডার্ক ওয়েব স্ক্যান করার সময় এই তথ্য ফাঁসের বিষয়টি তাদের নজরে আসে। তারা আশঙ্কা প্রকাশ করেছে যে এই তথ্যের মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করতে পারে এবং সমাজমাধ্যমের অন্যান্য অ্যাকাউন্টেও অনধিকৃত প্রবেশ করতে পারে।

ইনস্টাগ্রামের অভিভাবক সংস্থা মেটা এখনও এই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি। প্রশ্ন করেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সম্প্রতি অনেক ব্যবহারকারীর অভিযোগ এসেছে, তাঁদের পাসওয়ার্ড বদলানোর ইমেল পাঠানো হয়েছে, যা ম্যালওয়্যারবাইটসের মতে তথ্য ফাঁসের সঙ্গে যুক্ত।

ভারতে ইনস্টাগ্রামের ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪৮ কোটি, যা বিশ্বের সবচেয়ে বড় বাজার। দেশে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৫০ কোটি। এই বাজারের গুরুত্বে মেটার উপস্থিতি সবচেয়ে দৃঢ়।

ডিজিটাল পার্সোনাল ডাটা প্রোটেকশন (DPDP) ২০২৩ আইনের সংজ্ঞা অনুযায়ী, ব্যবহারকারীর ফোন নম্বর ও ইমেল আইডি ‘ব্যক্তিগত ডেটা’ হিসেবে গণ্য হয়। এই তথ্য যদি প্রকাশ পায়, হাতিয়ে নেওয়া হয় বা শেয়ার করা হয়, তা হলে এটি ‘ব্যক্তিগত ডেটা ব্রিচ’ হিসেবে বিবেচিত হবে। গত নভেম্বর, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক DPDP আইন নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। যদিও আইন সম্পূর্ণভাবে কার্যকর হয়নি, ডেটা প্রোটেকশন বোর্ড (DPB) তৈরি করা হয়েছে।