চিত্রঃ সংগৃহীত
AK Bangla 24×7 Digital: সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় পাকিস্তান। দ্য হেগের আন্তর্জাতিক সালিশি আদালতের সাম্প্রতিক রায়ের পর ইসলামাবাদ জানিয়েছে, চুক্তি কার্যকর রাখতে তারা নয়াদিল্লির সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।
পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র তাহির আন্দরাবি বলেন, সিন্ধু জলবণ্টন চুক্তি পুরোপুরি কার্যকর রাখার বিষয়ে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর দাবি, ভারতকেও একইভাবে চুক্তির শর্ত মেনে চলা উচিত। আদালতের রায় কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ করতেও প্রস্তুত ইসলামাবাদ।
পহেলগাঁও হামলা এবং ভারত-পাক উত্তেজনার পর সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশি আদালতের দ্বারস্থ হয় পাকিস্তান। আদালত জানায়, একতরফাভাবে এই চুক্তি বাতিল বা স্থগিত করা যায় না।
যদিও দ্য হেগের ওই রায় প্রত্যাখ্যান করেছে ভারত। বিদেশ মন্ত্রকের বক্তব্য, এই বিষয়ে ওই সালিশি সংস্থার সিদ্ধান্ত ভারতের উপর বাধ্যতামূলক নয়। ভারতের সার্বভৌম সিদ্ধান্তে হস্তক্ষেপের অধিকারও তাদের নেই বলে স্পষ্ট করেছে নয়াদিল্লি।
এর আগেও ভারত জানিয়েছিল, সীমান্তপারের সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের অবস্থান না বদলানো পর্যন্ত সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে স্বাভাবিক আলোচনা সম্ভব নয়। ১৯৬০ সালে বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।