চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: ইন্দোনেশিয়ায় একটি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। রবিবার মধ্যরাতে জাভা দ্বীপে একটি যাত্রীবাহী বাস কংক্রিটের দেওয়ালে ধাক্কা মেরে উল্টে যায়। দুর্ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী নিহত হয়েছেন। স্থানীয়রা আওয়াজ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের চিকিৎসার জন্য সেমারাং শহরে পাঠানো হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, বাসটিতে মোট ৩৪ জন যাত্রী ছিলেন। বাসটি জাকার্তা থেকে ইয়োগিয়াকার্তার দিকে যাচ্ছিল। টোল রোডে পৌঁছানোর সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কংক্রিটের দেওয়ালে আঘাত করে উল্টে যায়। ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থার প্রধান বুদিওনো জানিয়েছেন, দুর্ঘটনায় অনেক যাত্রীর মৃত্যু ঘটনাস্থলেই ঘটে। বাসে থাকা বাকি যাত্রীদের অবস্থাও আশঙ্কাজনক।
আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর দাবি, ইন্দোনেশিয়ায় বেশিরভাগ গাড়ি পুরোনো এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ ঠিকমতো হয় না। পাশাপাশি ট্রাফিক আইন অমান্য করার প্রবণতাও এই ধরনের দুর্ঘটনার অন্যতম বড় কারণ। এর আগে ২০১৯ সালে সুমাত্রা দ্বীপে একটি বাস খাদে পড়ে ৩৫ জন যাত্রীর মৃত্যু হয়েছিল।