চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে শুল্কের হার বাড়িয়ে আমেরিকার শাস্তি দেওয়া চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করেছিল আন্তর্জাতিক রাজনীতিতে। যদিও দু’পক্ষই নিজেদের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছে। এমনকি, প্রায় ভেস্তে বসা, বাণিজ্য আলোচনাও শুরু হয়েছে নয়াদিল্লি ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। এবার রুশ তেল কেনা নিয়ে মুখ খুললেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। তাঁর দাবি, রুশ তেল থেকে দূরে সরে যাচ্ছে ভারত।
নিউ ইয়র্কের ইকোনমিক ক্লাবে মার্কিন বাণিজ্য প্রতিনিধি বলেন, “বাস্তববাদী ভারতীয়রা এবং ইতিমধ্যেই তারা সরে যাচ্ছে রুশ তেল থেকে আমি মনে করি।” তিনি আরও বলেন, “ভারত এক সোভেরেন কান্ট্রি। নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে।” এর সঙ্গে গ্রিয়ার এটাও স্পষ্ট করে দেন, “আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি না অন্য দেশের সাথে তাদের সম্পর্ককে।”
প্রসঙ্গত, আমেরিকার অভিযোগ, রাশিয়া থেকে তেল কিনে ভারত তাদের সাহায্য করছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে এবং সেই কারণেই দ্বিগুণ করা হয়েছে শুল্কের হার। তবে ভারত পরিষ্কার করে দিয়েছে যে দেশের চাহিদা অনুযায়ী তারা যাবতীয় সিদ্ধান্ত নেবে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন যে ভারতের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ভালো বন্ধু। সম্প্রতি, আন্তর্জাতিক ভালদাই আলোচনা সভায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন যে ভারত অপমান মেনে নেবে না এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না। পাশাপাশি, বক্তব্য রাখেন আমেরিকার দ্বিচারিতা নিয়েও।