চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যু নিয়ে জল্পনা এখনও থেমে নেই। তাঁর ছেলে এই অভিযোগের সত্যতা যাচাই করতে চেয়েছেন, যে তাঁর বাবা বেঁচে আছেন। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার পরিষ্কার জানিয়েছে, ইমরান সুস্থ আছেন।
এই পরিস্থিতিতে, ইমরানের দল পিটিআইয়ের প্রাক্তন সেনেটর ও গুরুত্বপূর্ণ নেতা খুররম জিশানও একই দাবি করেছেন। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “ইমরান খান বেঁচে আছেন, তবে তিনি ভীষণ চাপের মধ্যে রয়েছেন।” জিশান পশ্চিমি বিশ্বের ভূমিকাকেও আঙুল তুলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “পাকিস্তানে একনায়ক থাকলেই সুবিধা। সংসদকে নিয়ন্ত্রণ করার বদলে এক ব্যক্তিকে নিয়ন্ত্রণ করলেই দেশ নিয়ন্ত্রণ করা যায়। তারা চেষ্টা করেছে এক জনকে নিয়ন্ত্রণ করে পুরো দেশ নিয়ন্ত্রণ করতে।”
গত তিন বছরে পাকিস্তানে যে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়েছে, তাতে সাধারণ মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে বলেও জানান জিশান। তিনি আরও বলেন, “পাকিস্তানে কোনও গণতন্ত্র নেই। এখানে একনায়কতন্ত্র চলছে। সংসদে এমন মানুষ রয়েছেন, যাঁরা নির্বাচিতও নন। এইভাবে চলতে পারে না। মানুষ প্রতিবাদ শুরু করলে এটি শেষ হবে। ইমরান খান একবার ডাক দিলেই গোটা পাকিস্তান পথে নেমে আসবে।”
জিশান পাকিস্তানের এই পরিস্থিতির জন্য দায়ী করেছেন আসিফ মুনিরকে। উল্লেখ্য, আগস্ট ২০২৩ থেকে ইমরান খান জেলবন্দি রয়েছেন এবং ১৪ বছরের কারাদণ্ডের মুখোমুখি। এহেন পরিস্থিতির মাঝে ইমরানের মৃত্যু সংবাদ পাকিস্তানের রাজনীতিতে ব্যাপক সাড়া ফেলেছে। পিটিআই’র নেতা-কর্মীরা আদিয়ালা জেলের বাইরে বিক্ষোভে নেমেছেন এবং দাবি জানিয়েছেন, ইমরানের সঙ্গে দেখা করতে দল বা পরিবারের কাউকে অনুমতি দেওয়া হোক। তবে জেল কর্তৃপক্ষ সেই দাবিতে এখনও সাড়া দেয়নি।