ad
ad

Breaking News

Buckingham Palace

Buckingham Palace: লন্ডনে ইডি-র বিরাট ‘সার্জিক্যাল স্ট্রাইক’! বাকিংহাম প্যালেসের পাশেই ১৫০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

ভারতের একটি নামী টেক্সটাইল সংস্থা এবং তার প্রাক্তন কর্ণধারের বিরুদ্ধে ওঠা ব্যাংক জালিয়াতির মামলার প্রেক্ষিতেই এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে।

Buckingham Palace Buckingham Palace

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: আর্থিক তছরুপ এবং ব্যাংক জালিয়াতির তদন্তে এক আন্তর্জাতিক সাফল্যে লাভ করল ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। মঙ্গলবার লন্ডনের বাকিংহাম প্যালেসের অতি সন্নিকটে অবস্থিত প্রায় ১৫০ কোটি টাকার একটি বিলাসবহুল সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। ভারতের একটি নামী টেক্সটাইল সংস্থা এবং তার প্রাক্তন কর্ণধারের বিরুদ্ধে ওঠা ব্যাংক জালিয়াতির মামলার প্রেক্ষিতেই এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইডি সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ওই ব্যবসায়ী এবং তাঁর সংস্থার বিরুদ্ধে ভারতের বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ১,৪০০ কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। তদন্তে দেখা গেছে, ব্যবসার উন্নয়নের নাম করে ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা ধার নেওয়া হলেও তা সঠিক কাজে লাগানো হয়নি। পরিবর্তে বিদেশের মাটিতে স্থাবর সম্পত্তি কেনার জন্য বিভিন্ন অবৈধ উপায়ে সেই টাকা পাচার করা হয়েছে। লন্ডনের এই অভিজাত বাড়িটি সেই পাচারের টাকার মাধ্যমেই কেনা হয়েছিল বলে গোয়েন্দাদের দাবি। তদন্তে উঠে এসেছে এক অত্যন্ত জটিল নেটওয়ার্কের তথ্য। অভিযুক্ত ব্যক্তি নিজের এবং পরিবারের সদস্যদের নাম গোপন রাখতে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, জার্সি এবং সুইৎজ়ারল্যান্ডের মতো করমুক্ত দেশগুলিতে একাধিক গোপন ট্রাস্ট ও কোম্পানি তৈরি করেছিলেন। এই কোম্পানিগুলোর আড়ালেই বিদেশের বিভিন্ন প্রান্তে টাকা বিনিয়োগ করা হতো। লন্ডনের বাড়িটি যাতে কোনোভাবে কর্তৃপক্ষের নজরে না আসে, তার জন্য তিনি সুরক্ষার একাধিক স্তর তৈরি করে রেখেছিলেন।

গোয়েন্দা সংস্থা জানিয়েছে, গত ২০২৫ সালের ২৩ ডিসেম্বর অভিযুক্তের খোঁজে এক তল্লাশি অভিযান শুরু হয়। সেই অভিযানের সূত্র ধরেই বিদেশে ছড়িয়ে থাকা এই বিশাল পরিমাণ স্থাবর সম্পত্তির হদিশ পাওয়া যায়। বর্তমানে ব্রিটিশ কর্তৃপক্ষের সহযোগিতায় লন্ডনের ওই সম্পত্তিটি নিজেদের আইনি হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করছে ইডি। কোটি কোটি টাকার এই ব্যাংক জালিয়াতি রুখতে ইডির এই অভিযানকে বড়সড় জয় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।