চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: ২০২৫-এর ২০ ডিসেম্বরে আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে গাজার বন্দিদের মুক্তি দিতে হবে, হামাসকে সময় বেঁধে দিলেন ট্রাম্প। বন্দিদের মুক্তি না দিলে মধ্যপ্রাচ্যে নরক নেমে আসবে, হুঁশিয়ারি রিপাবলিকান নেতার।
গত বছর ইজরায়েলে ভয়ঙ্কর হামলা চালিয়েছিল হামাস। তখনই ২৫০ জন ইজরায়েলি এবং আমেরিকান নাগরিককে বন্দি করে হাসাম জঙ্গিরা। এদের মধ্যে অনেককে হত্যা করা হয়। ইজরায়েলের গোয়েন্দা সংস্থার অনুমান, এখন প্রায় ১০০ জন বন্দি জীবিত অবস্থায় গাজায় বন্দি রয়েছেন। এবার তাঁদের মুক্তির দাবিতে সরব ট্রাম্প।
সমাজমাধ্যমে পোস্ট করে ট্রাম্প লেখেন, “যদি ২০ জানুয়ারি, ২০২৫-এর মধ্যে বন্দিদের মুক্ত না করা হয়, তবে মধ্যপ্রাচ্যে নরক নেমে আসবে। বিশেষ করে তাঁদের জন্য যারা মানবতার বিরুদ্ধে নৃশংসতা চালাচ্ছে।”
ট্রাম্প আরও বলেন, “যারা এই কাজের জন্য দায়ী, তাদের বিরুদ্ধে মার্কিন ইতিহাসের কঠোরতম পদক্ষেপ করা হবে।” যদিও হামাস জঙ্গিদের দাবি, গাজা থেকে ইজরায়েলি বাহিনী সরাতে হবে।
অন্যদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর লক্ষ্য, হামাসকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেওয়া। তাঁর হুঁশিয়ারি, যতক্ষণ না হামাস নিশ্চিহ্ন হচ্ছে ততক্ষণ যুদ্ধ চলবে। ইজরায়েলের জন্য ভবিষ্যতে যাতে কোনও ঝুঁকি না থাকে তা নিশ্চিত করা হবে।