চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: আসন্ন আলাস্কা বৈঠকের আগে ফের একবার ভারতকে আক্রমণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর দাবি, রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য কমাতে এবং মস্কোর যুদ্ধ অর্থনীতিকে চাপে ফেলতেই নয়াদিল্লির উপর চড়া শুল্ক চাপিয়েছে ওয়াশিংটন। এর ফলে ভারত রাশিয়া থেকে তেল কেনা কমিয়েছে বলেও দাবি করেছেন তিনি।
[আরও পড়ুন: Lava Blaze: এআই ক্যামেরা সহ বাজারে আসল Lava Blaze AMOLED 2 5G]
মার্কিন এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘সব কিছুরই একটা প্রভাব থাকে। অতিরিক্ত শুল্ক চাপানোর ফলে রাশিয়া থেকে তেল কেনা থেকে তিনি ভারতকে দূরে রাখতে পেরেছেন। আমার মতে, এটাই পুতিনকে আলোচনায় আসতে বাধ্য করেছে। যদিও রাশিয়ার থেকে ভারত তেল কেনা বন্ধ রেখেছে বলে কোনও তথ্য নয়াদিল্লি থেকে প্রকাশ্যে জানানো হয়নি।
উল্লেখ্য, রাশিয়া থেকে জ্বালানি আমদানিকারী দেশগুলির মধ্যে ভারত দ্বিতীয় বৃহত্তম ক্রেতা। সেই বিষয়টি বারবার তুলে ধরেছেন ট্রাম্প (Donald Trump)। তাঁর অভিযোগ, ভারতকে বিক্রি করা তেলের অর্থ ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছেন পুতিন। তাই নয়াদিল্লির উপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে রাশিয়ার সঙ্গে ভারতের জ্বালানি বাণিজ্যকে আঘাত করার চেষ্টা করেছেন তিনি।তবে ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা নিজেদের স্বার্থে কোনও আপস করবে না।
[আরও পড়ুন: Uttar Pradesh: উত্তরপ্রদেশ বিধানসভায় বিজেপি বিধায়কদের মধ্যে বচসা, তীব্র কটাক্ষ অখিলেশ যাদবের]
সরকারি সূত্রে দাবি, রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রয়েছে এবং সেই নীতিতেই অটল থাকবে নয়াদিল্লি। সম্প্রতি কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালও বলেন, ‘ভারত এখন অনেক শক্তিশালী রাষ্ট্র, কোনও ভাবেই মাথা নত করবে না।’ ১৫ আগস্ট আলাস্কায় রুদ্ধদ্বার বৈঠকে বসতে চলেছেন ট্রাম্প ও পুতিন। বৈঠকের মূল আলোচ্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও সম্ভাব্য যুদ্ধবিরতি। এই বৈঠককে স্বাগত জানিয়েছে ভারতও। নয়াদিল্লির মতে, আলোচনার মাধ্যমে ইউক্রেন সমস্যার সমাধানের সম্ভাবনা তৈরি হলে তা ভারতের জন্যও লাভজনক হবে।