ad
ad

Breaking News

Dalai Lama wins Grammy Award

সুরের মঞ্চে আধ্যাত্মিকতার জয়! শান্তির বার্তা দিয়ে গ্র্যামি পেলেন দলাই লামা

সকলকে পিছনে ফেলে সেরার শিরোপা জিতে নেয় দলাই লামার এই আধ্যাত্মিক অডিও প্রজেক্ট।

Dalai Lama wins Grammy Award

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: গ্র্যামি পুরস্কার পেলেন দলাই লামা। ৬৮ তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে সম্মানিত তিনি। বিশ্বে সঙ্গীতের জগতে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য গ্র্যামি পুরস্কার দেওয়া হয়। যে অ্যালবামের জন্য দলাই লামাকে পুরস্কৃত করা হল, তার নাম ‘মেডিটেশনস: দ্য রিফ্লেকশনস অফ হিস হোলিনেস দ্য দলাই লামা’। নবতিপর দলাই লামা অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় তাঁর হয়ে পুরস্কার গ্রহণ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী রুফাস ওয়েনরাইট।এই বিভাগে প্রতিযোগিতা মোটেই সহজ ছিল না। মনোনীতদের তালিকায় ছিলেন গ্র্যামির সঞ্চালক ট্রেভর নোয়া, মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি কেটানজি ব্রাউন জ্যাকসন এবং শিল্পী ফ্যাব মরভ্যান-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। সকলকে পিছনে ফেলে সেরার শিরোপা জিতে নেয় দলাই লামার এই আধ্যাত্মিক অডিও প্রজেক্ট।

পুরস্কারপ্রাপ্ত অ্যালবামটি আদতে কোনও গানের অ্যালবাম নয়। এতে রয়েছে দলাই লামার শান্তি, দয়া, ধৈর্য ও মানবিকতার বার্তা। তাঁর বাণীর সঙ্গে আবহসঙ্গীতে সঙ্গত করেছেন প্রখ্যাত সরোদশিল্পী উস্তাদ আমজাদ আলি খান এবং তাঁর দুই পুত্র আমান আলি বাঙ্গাশ ও আয়ান আলি বাঙ্গাশ। শাস্ত্রীয় সঙ্গীত ও আধ্যাত্মিক বাণীর এই মেলবন্ধনই শ্রোতাদের বিশেষভাবে আকর্ষণ করেছে। দলাই লামার হয়ে পুরস্কার গ্রহণের পর মঞ্চে দাঁড়িয়ে রুফাস ওয়েনরাইট বলেন, দলাই লামার সঙ্গে দয়া, মমতা ও আত্মচিন্তার বার্তাভিত্তিক এই প্রকল্পে কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না।

পুরস্কার ঘোষণার পর প্রতিক্রিয়ায় দলাই লামা জানান, আমি কৃতজ্ঞতার সঙ্গে এই সম্মান গ্রহণ করছি। এটি আমার ব্যক্তিগত প্রাপ্তি নয়, বরং আমাদের সকলের যৌথ দায়বদ্ধতার স্বীকৃতি। তাঁর সংযোজন, “বিশ্বের মানুষের কল্যাণের জন্য শান্তি, ধৈর্য, পরিবেশের প্রতি যত্ন ও মানবিকতা অত্যন্ত প্রয়োজনীয়। এই গ্র্যামি পুরস্কার সেই বার্তাগুলিকে আরও বিস্তৃত পরিসরে পৌঁছে দিতে সাহায্য করবে।

উল্লেখ্য, সঙ্গীতের জগতের বাইরের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব আগেও গ্র্যামি পেয়েছেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর বক্তৃতা ও বইয়ের অডিও সংস্করণের জন্য একাধিকবার গ্র্যামি পেয়েছেন। মিশেল ওবামা ও প্রয়াত অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জোবসও এই সম্মানে ভূষিত হয়েছেন।প্রসঙ্গত, ১৯৫৯ সালে চিনা আগ্রাসনের মুখে তিব্বত ছাড়তে বাধ্য হন তেনজিন গিয়াতসো— যিনি বিশ্ববাসীর কাছে পরিচিত দলাই লামা নামে। সেই সময় থেকেই তিনি ভারতে আশ্রিত। তাঁর উপস্থিতি ঘিরে ভারত-চিন কূটনৈতিক টানাপোড়েন আজও অব্যাহত। বেজিং তাঁকে ‘বিচ্ছিন্নতাবাদী’ বলে মনে করলেও, ভারত বরাবরের মতোই তাঁর পাশে রয়েছে। কয়েক দশক ধরে গড়ে ওঠা এই সম্পর্ক আজ এক অবিচ্ছেদ্য বন্ধনের প্রতীক।