চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তন এবং অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে এবার ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে, এ দেশে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের চিহ্নিত করে তাঁদের নিজের দেশে ফিরিয়ে দেওয়াই ভারত সরকারের স্থায়ী নীতি। এই প্রক্রিয়া সফল করতে বাংলাদেশের পূর্ণ সহযোগিতা চেয়েছে নয়াদিল্লি।
সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, পশ্চিমবঙ্গ থেকে যদি জোরপূর্বক কাউকে বাংলাদেশে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করা হয়, তবে ঢাকাও পাল্টা ব্যবস্থা নেবে। বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপি-র পক্ষ থেকেও সমাজমাধ্যমে তাঁর এই মন্তব্য প্রচার করা হয়।
বৃহস্পতিবার খলিলুরের এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, বিষয়টিকে ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসনের বৃহত্তর প্রেক্ষাপট থেকে দেখতে হবে। জয়সওয়াল জানান, বর্তমানে বাংলাদেশের সঙ্গে নাগরিকত্ব যাচাইয়ের জন্য ২৮৬০টিরও বেশি মামলা ঝুলে রয়েছে, যার মধ্যে অনেকগুলোই গত পাঁচ বছর ধরে অমীমাংসিত। ভারত আশা করছে যে, বাংলাদেশ তাদের নাগরিকদের পরিচয় যাচাই করার প্রক্রিয়া আরও দ্রুত করবে, যাতে প্রত্যর্পণ প্রক্রিয়াটি সহজ ও নির্বিঘ্ন হয়।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারের সময় বিজেপি নেতৃত্ব বারবার প্রতিশ্রুতি দিয়েছিল যে, ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশছাড়া করা হবে। ২৯৪টি আসনের মধ্যে ২০৭টিতে জয় পেয়ে বিজেপি সরকার গঠনের পথে এগোতেই এই ইস্যু নিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের পারদ চড়তে শুরু করেছে। এখন দেখার, প্রত্যাবাসন নিয়ে দিল্লির এই বার্তার পর ঢাকা কী পদক্ষেপ নেয়।