ad
ad

Breaking News

Donald Trump

বিবিসির ২ শীর্ষকর্তার পদত্যাগ, ট্রাম্পের অভিযোগে নৈতিক দায় স্বীকার

অভিযোগ উঠেছে, বিবিসি সেই তথ্যচিত্রে এমনভাবে সম্পাদনা করেছে যে, ট্রাম্পকে হামলার জন্য দায়ী এবং উসকানিমূলক হিসেবে প্রতিপন্ন করা হয়েছে।

bbc-chiefs-resign-trump-documentary-controversy

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: বিশ্বের অন্যতম প্রখ্যাত সংবাদ সংস্থা ব্রিটিশ ব্রডকাস্ট কর্পোরেশন (বিবিসি)-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে যে, তারা সম্পাদিত তথ্যচিত্রের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নেগেটিভ লাইটে উপস্থাপন করেছে। এই অভিযোগের প্রেক্ষিতে বিবিসির ডিরেক্টর জেনারেল টিম ডেভি এবং নিউজ বিভাগের প্রধান ডেবোরা টারনেস পদত্যাগ করেছেন।

দু’জনেই স্বীকার করেছেন, ট্রাম্পকে নিয়ে সম্প্রচারিত তথ্যচিত্রের কিছু সম্পাদিত অংশ তাদের সম্পাদকীয় নীতি ভঙ্গ করেছে, এবং নৈতিক দায়িত্ব হিসেবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তাদের পদত্যাগের খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও ব্যাপকভাবে এই ঘটনার প্রতিক্রিয়া দেখাচ্ছে।

ঘটনার সূত্রপাত একটি তথ্যচিত্র থেকে, যেখানে ২০২১ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর ওয়াশিংটনের ক্যাপিটল হিলে হামলা দেখানো হয়েছে। অভিযোগ উঠেছে, বিবিসি সেই তথ্যচিত্রে এমনভাবে সম্পাদনা করেছে যে, ট্রাম্পকে হামলার জন্য দায়ী এবং উসকানিমূলক হিসেবে প্রতিপন্ন করা হয়েছে। যদিও প্রকৃতপক্ষে ট্রাম্প ওই ঘটনার সময় জনগণকে শান্ত থাকার বার্তা দিয়েছেন এবং কোনো সহিংস উসকানি দেননি।

প্রথম প্রতিবাদ জানান হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট, যিনি স্পষ্ট করেছেন, ট্রাম্পের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এই চাপের মধ্যে ডেভি এবং টারনেস তাদের পদত্যাগের সিদ্ধান্ত নেন।

বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত সংবাদ সংস্থা হিসেবে বিবিসির খ্যাতি থাকলেও, নীতি ভঙ্গ ও তথ্য বিকৃতির অভিযোগের কারণে সংস্থার অভ্যন্তরেও দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে। দুই শীর্ষকর্তার পদত্যাগই তাৎক্ষণিকভাবে সংবাদ জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং সংস্থার খ্যাতি ও সততা নিয়েও প্রশ্ন তুলেছে।