চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: বিশ্বখ্যাত সংবাদ সংস্থা বিবিসির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ সম্পাদনা করে তাঁর ভাবমূর্তি নষ্টের অভিযোগ ওঠার পর গরম বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনার পর কয়েকদিনের মধ্যে বিবিসির দুই শীর্ষকর্তা দায় স্বীকার করে পদত্যাগ করেন। এবার বিবিসি সরাসরি ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছে, যদিও কোনও ক্ষতিপূরণ দেওয়া থেকে তারা বিরত রয়েছেন।
বিবিসি এক বিবৃতিতে জানিয়েছে, সম্পাদিত অংশটি অনিচ্ছাকৃতভাবে ভুলভাবে দেখিয়েছে যেন ট্রাম্প তার ভাষণে উসকানি দিচ্ছেন। আসলে সেটি একটি ধারাবাহিক ভাষণ ছিল না; তথ্যচিত্রে ভাষণের বিভিন্ন অংশ একত্রিত করা হয়েছিল, যার ফলে ভুল ধারণা সৃষ্টি হয়েছিল। বিবিসি আরও জানিয়েছে, এই তথ্যচিত্রটি পুনঃপ্রচার করার কোনও পরিকল্পনা নেই।
ঘটনার সূত্রপাত ঘটে ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর ওয়াশিংটনের ক্যাপিটল হিলে হামলার ঘটনাকে কেন্দ্র করে। বিবিসির তথ্যচিত্রে ট্রাম্পকে ওই ঘটনার জন্য দায়ী এবং ‘ভিলেন’ হিসেবে দেখানো হয়েছে। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে অভিযোগ উত্থাপন করা হয় যে, ট্রাম্প হামলার সময় জনতাকে শান্ত থাকার বার্তা দিচ্ছিলেন, উসকানি দিচ্ছিলেন না।
এই ভুল সম্পাদনার কারণে বিবিসির দুই শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেন। তাদের মতে, ঘটানো সম্পাদনা সংস্থার সম্পাদকীয় নীতির পরিপন্থী। মাসের পর মাস চাপের পরিপ্রেক্ষিতে বিবিসি শেষ পর্যন্ত ট্রাম্পের কাছে ক্ষমা চায়, ঘটনার দুঃখ প্রকাশ করে এবং ভবিষ্যতে এমন ভুল এড়ানোর প্রতিশ্রুতি দেয়।